পণ্য আমদানির জন্য ব্যবসায়ীরা ঋণপত্র (এলসি) খুললেও তা নিষ্পত্তি করতে পারছেন না। গত এক বছরের ব্যবধানে আমদানি পণ্যের ওপর এলসি নিষ্পত্তির হার কমেছে পাঁচ দশমিক ৩৮ শতাংশ। অর্থের হিসেবে যা প্রায় ১৪ কোটি ৯৮ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা ও নীতি বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। বর্তমানে দেশে চলমান রাজনৈতিক সহিংসতার কারণে এমনটি হচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। আর আমদানি কমে যাওয়ায় পরবর্তী সময়ে রফতানির বাণিজ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে বলেও জানিয়েছেন তারা।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের মার্চ মাসে আমদানির জন্য খোলা এলসির মধ্যে ২৬৩ কোটি ৫৪ লাখ মার্কিন ডলারের এলসি নিষ্পত্তি হয়েছে। গত অর্থবছরের একই মাসে নিষ্পত্তি হয়েছিল ২৭৮ কোটি ৫২ লাখ ডলারের এলসি। সে হিসেবে চলতি অর্থবছরের মার্চ মাসে আগের অর্থবছরের একই মাসের তুলনায় ১৪ কোটি ৯৮ লাখ ডলার বা ৫ দশমিক ৩৮ শতাংশ আমদানি কমেছে। অন্যদিকে গত মার্চ মাসে ৩২৮ কোটি ৪০ লাখ মার্কিন ডলার সমমূল্যের এলসি খোলা হয়েছিল। গত অর্থবছরের একই মাসে ছিল ২৮১ কোটি ৪০ লাখ ডলার। এতে চলতি অর্থবছরের মার্চ মাসে আমদানিতে ঋণপত্র খোলার পরিমাণ বেড়েছে ১৬ দশমিক ৭০ শতাংশ। অবশ্য এর আগের মাস ফেব্রুয়ারিতে গত অর্থবছরের একই মাসের তুলনায় ঋণপত্র ৬ দশমিক ৩০ শতাংশ কমেছিল।
পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের ফেব্রুয়ারি মাসে আমদানি নিষ্পত্তি এর আগের অর্থবছরের একই মাসের তুলনায় ৯ দশমিক ৯৩ শতাংশ এবং জানুয়ারি মাসে ১৪ দশমিক শূন্য দুই শতাংশ কম হয়েছিল। তবে ফেব্রুয়ারির তুলনায় চলতি অর্থ বছরের মার্চ মাসে আমদানি নিষ্পত্তি বেড়েছে ৩ দশমিক ৮৮ শতাংশ।
এছাড়া মার্চ মাসে ক্যাপিটাল মেশিনারিজ আমদানির জন্য ৩৯ কোটি ৩৫ লাখ টাকার এলসি খোলা হয়েছে। এ সময়ে এলসি নিষ্পত্তি হয়েছে মাত্র ১১ কোটি ৭৬ লাখ মার্কিন ডলারের। অন্যদিকে শিল্পখাতে ব্যবহারযোগ্য কাঁচামাল, ইয়ার্ন, ফেব্রিক্স, কম্পিউটার ও এক্সেসরিজ আমদানির জন্য এলসি খোলার পরিমাণের চেয়ে এলসি নিষ্পত্তি কমেছে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, আমদানির নেতিবাচক চিত্রের প্রভাব পরবর্তী ৪ থেকে ৫ মাস পরে রফতানির পড়ে থাকে। বর্তমানে যে হারে আমদানি কমছে তা দেশের শিল্প ব্যবস্থার জন্য অশনিসঙ্কেত। এভাবে আমদানি কমার অর্থই হলো দেশে বিনিয়োগের কোনো পরিবেশ নেই। যা সরাসরি বেসরকারি খাতের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। ফলে কর্মসংস্থান না হলে দেশে সামাজিক অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা তাদের।
এ বিষয়ে দেশের রফতানিকারকদের সংগঠন ইএবি সভাপতি আবদুস সালাম মুর্শেদী বলেন, এমনিতেই শিল্প কলকারখানাগুলোতে গ্যাস, বিদ্যুত্ ও অবকাঠামো পরিস্থিতিতে অত্যন্ত নাজুক। বিনিয়োগকারীরা বিনিয়োগের নিশ্চয়তা পাচ্ছেন না। রফতানি শিল্পে টানাপোড়নের জন্য রফতানি অর্ডার প্রায় বন্ধ। এজন্য এলসি নিষ্পত্তির পরিমাণ কমছে। আর এ অবস্থার কারণে দেশের কর্মস্থান কমে যাওয়ার আশঙ্কা করেছেন তিনি।
