সাভারে ভবন ধসে ভুক্তভোগী পরিবারগুলোকে সহায়তা করতে একটি ডটাবেজ তৈরি করবে পল্লী কর্ম সহায়তায় ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মাধ্যমে আহতদের দীর্ঘ মেয়াদী চিকিত্সা ব্যয় বহন করার উদ্যোগ নেয়া হয়েছে। এছাড়াও এসব পরিবারের সদস্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। গতকাল পিকেএসএফ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
পিকেএসএফ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর পর্ষদ সভার সভাপতি ড. কাজী খলীকুজ্জমান আহমদ, ব্যবস্থাপনা পরিচালক আবদুল করিমসহ অন্যরা। এ সময় জানানো হয়, সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য পিকেএসএফ কেন্দ্রীয় সংস্থাসমূহের দুর্যোগ ব্যবস্থাপনা তহবিল গঠন করবে। একই ধরনের তহবিল গঠন করবে পিকেএসএফের সহযোগী সংস্থাগুলো। পিকেএসএফই কেন্দ্রীয়ভাবে সহযোগীদের তহবিল পরিচালনা করবে।
সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ডাটাবেজ তৈরির জন্য গৃহীত তথ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তির পরিবারের মূল উপার্জনকারী, পরিবারের অন্যান্য সদস্য, শিশু, বৃদ্ধ পিতা-মাতা ইত্যাদির তথ্যসহ পরিবারের আয়-উপার্জন বিষয়ক চিত্র তুলে আনা হবে। এছাড়াও সাভার ঘটনায় নিহত, পঙ্গু, আহত ও নিখোঁজ রয়েছে তাদের তথ্য সংগ্রহ করে এই ডাটাবেজ তৈরি করা হবে।
এই তথ্যের ভিত্তিতে চিকিত্সা সহায়তা, ফিজিও থেরাপি (বাড়ি বাড়ি গিয়ে), কৃত্রিম অঙ্গ-প্রতঙ্গ সংযোজনের ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও বিভিন্ন প্রশিক্ষণ, মানসিক কাউন্সিলিং, দীর্ঘ মেয়াদি আর্থিক সহায়তা, পুনর্বাসন, কর্মসংস্থানও ব্যবস্থা করা হবে।
এসময় আরো জানানো হয়, ক্ষতিগ্রস্তদের পাশাপাশি উদ্ধারকর্মীদের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের ও তাদের পরিবারের জন্যও একই ধরনের উদ্যোগ নেয়া হবে। নিহত ও পঙ্গু সদস্যদের ঋণস্থিতি মওকুফ ও সঞ্চয় ফেরতের উদ্যোগ নেয়া হবে।
