একুশে টিভিতে লাইভ কনসার্টের রেসপন্স কেমন পেলেন ?
খুবই ভালো। এতটা রেসপন্স পাবো ভাবিনি। অনেকদিন পরে একটি মঞ্চে গাইলাম। আমার এত এত গানের কথা দর্শকেরা মনে রেখেছে এটা ভেবেই ভালো লাগছে।
ক্যারিয়ারে গ্যাপ দিলে নিজের কী ক্ষতি হয় বলে আপনি মনে করেন?
না আমি তা মনে করি না কখনও। কারণ আগে তো আমার জীবন। আমার সংসার। আর আমি গানের বাইরে কখনোই নিজেকে জড়াতে চাই না। চাইলেই পারতাম। যেমন একুশে টিভির লাইভটা করার পর অনেক চ্যানেল থেকেই অনবরত অফার আসছে। কিন্তু আপাতত আমিই ‘ধীরে চল’ নীতিতে কাজ করছি।
এখনকার অডিও ইন্ডাস্ট্রির এই নাজুক অবস্থা সম্পর্কে আপনার ধারণা কী? নতুন গানের রেকর্ডিংয়ের ব্যাপারে আপনার পরিকল্পনা কতটা?
দেখুন আমি হুটহাট করে কিছু করতেও চাই না বলতেও চাই না। গানটা আমার একান্ত ভালো লাগার জায়গা। তাই এটার ভেতরেই নিবিষ্ট থাকতে চাই। খুব সিলেক্টিভ কাজ করব। তবে ভালো এবং ডিফরেন্ট কিছু কাজ করতে চাই।
সন্তানদের দেখা শোনা আর পারিবারিক ব্যস্ততা কেমন। কীভাবে কাটছে?
আমি বলব স্বচ্ছন্দেই কাটছে। সন্তানদের জন্যই মূলত এই গ্যাপটা নিয়েছিলাম। পরিবার থেকেও বেশ সাপোর্ট পাচ্ছি। সারাদিন নিজের মতো করেই কাটাই। একেবারে পারিবারিক বলতে পারেন। আসলে প্রতিটি মানুষেরই বয়সের সাথে সাথে একটা পরিবর্তন আসে। এটাই স্বাভাবিক এবং এটাই উচিত। আমি তাই সেই পরিবর্তিত জীবন নিয়েই সুখ আর স্বচ্ছন্দেই কাটাচ্ছি।
স্বামী এ দেশের রক লিজেন্ড হামিন আহমেদ। সেক্ষেত্রে গানের ব্যাপারে দুজনার শেয়ারিং কতটা হয়?
অনেকটা। সে তো শুধু গান নয়। গান নিয়ে সাংগঠনিক অনেক দায়িত্বও পালন করছেন। সবকিছু নিয়েই অনেক ব্যস্ত। এরপরও নিজেদের ভেতরে গান নিয়েই বেশ আলাপচারিতা হয়।
সামনে আবার কানিজ সুবর্ণাকে কীভাবে পাবে দর্শকেরা?
আগামী বৃহস্পতিবার আরটিভিতে একটা লাইভ শো করছি। এ ছাড়া নিজের মতো করে প্র্যাকটিসের সময় বের করে নিচ্ছি। নিজের গানগুলোর প্রেজেন্টেশন নিয়েই ভাবছি।
