ইসরাইলের বিমান হামলায় সিরিয়ার পাল্টা হুঁশিয়ারি

আপডেট : ০৬ মে ২০১৩, ২০:৩৯
ইসরাইলি হামলা বন্ধে জরুরিভিত্তিতে সিরিয়ায় পদক্ষেপ নিতে জাতিসংঘকে আরব লিগের আহ্বান জানানোর পর দেশটির তথ্যমন্ত্রী ওমরান আল-জুবি ইসরাইলের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সিরিয়ায় দামেস্কের উপকণ্ঠে জামরাইয়া সামরিক গবেষণা কেন্দ্রে বিমান হামলা সম্ভাব্য সকল দুয়ার খুলে দিয়েছে।’ রবিবার মন্ত্রীপরিষদের জরুরি বৈঠকের পর দেশটির তথ্যমন্ত্রী জুবি একথা জানান। এদিকে জাতিসংঘের মানবাধিকার তদন্তকারীরা সিরিয়ার গৃহযুদ্ধে আহতদের ও চিকিত্সা কর্মীদের কাছ থেকে গৃহীত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ইঙ্গিত পাচ্ছেন, বিদ্রোহী বাহিনীই রাসায়নিক অস্ত্র নার্ভ গ্যাস ‘সারিন’ ব্যবহার করেছে। রবিবার নেতৃস্থানীয় তদন্ত কর্মকর্তা কার্লা দেল পন্টি এ কথা জানিয়েছেন। তথ্যমন্ত্রী ওমরান বলেন, অভ্যন্তরীণ অথবা বাইরের আক্রমণ থেকে সিরিয়াকে রক্ষা করা দেশটির নিজস্ব দায়িত্ব। তবে সরকার কি ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে তার কোন কাঠামোগত ইঙ্গিত দেননি তিনি। তারা তিনটি স্থানে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানা যায়। ইরানি অস্ত্রের একটি চালান হিজবুল্লাহ জঙ্গিদের পাঠানো হচ্ছে এমন অভিযোগ তুলে ঐ হামলা চালায় ইসরাইল। তিনি জানান, এই আক্রমণের মধ্য দিয়ে দেশটি প্রমাণ করলো তাদের সাথে সিরিয়ার ইসলামি চরমপন্থি দলগুলোর সম্পর্ক রয়েছে। এ হামলার বিষয়ে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিইয়অমিন নেতানিয়াহু স্পষ্ট করেই বলেন, এটা বাশার আল আসাদ সরকারের ওপর প্রতিশোধমূলক কোন আক্রমণ নয়। এ নিয়ে তৃতীয়বারের মত দেশটিতে হামলা চালালো ইসরাইল। গত রবিবারের হামলায় অনেক ক্ষয়-ক্ষতির খবরও পাওয়া গেছে। এদিকে একইদিন ইসরাইল তার দেশের উত্তরাঞ্চলে রকেট মোতায়েন করেছে। মিসর এ ঘটনাকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে উল্লেখ করেন। ওদিকে কার্লা দেল পন্টি জানান, সিরিয়ায় সরকারি বাহিনী আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ ঘোষিত রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে, জাতিসংঘের স্বাধীন তদন্ত কমিশন এখনও পর্যন্ত এমন কোনো প্রমাণ পায়নি। “আমাদের তদন্তকারীরা প্রতিবেশি দেশগুলোতে আহতদের, চিকিত্সকদের ও মাঠ পর্যায়ের হাসপাতালগুলো থেকে সাক্ষাত্কার নিচ্ছে, আমার দেখা গত সপ্তাহে তাদের পাঠানো প্রতিবেদন অনুযায়ী, আহতদের যে চিকিত্সা দেয়া হচ্ছে তাতে সারিন গ্যাস ব্যবহারের সন্দেহ জোরালো হয়ে উঠেছে, তবে এখনও অকাট্য প্রমাণ পাওয়া যায়নি,” সুইস-ইটালীয় একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাত্কালে বলেন দেল পন্টি। “বিরোধীপক্ষ থেকে এটি ব্যবহার করা হয়েছে, বিদ্রোহীদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে না,” বলেন সুইজারল্যান্ডের সাবেক এটর্নি জেনারেল পন্টি। মার্চে সিরিয়ার আলেপ্পো ও দামেস্কের কাছে এবং ডিসেম্বরে হমসে রাসায়নিক অস্ত্র হামলা চালানোর জন্য সিরিয়ার সরকার ও বিদ্রোহীরা পরস্পরকে দায়ী করে আসছে। তাছাড়া সিরিয়ায় ইসরাইলের বিমান হামলার বিষয়ে আগাম কোনোকিছু জানতে পারেনি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। রবিবার দেশটির এক গোয়েন্দা কর্মকর্তা এ কথা জানান। ইসরাইল দাবি করেছে, হিজবুল্লার জঙ্গিদের জন্যে পাঠানো একটি অস্ত্রের চালান লক্ষ্য করে তারা এই হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের ঐ গোয়েন্দা কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্রকে ঐ ঘটনার পর বিষয়টি অবহিত করা হয়েছে। ২০১১ মার্চ থেকে চলা সিরিয়ার গৃহযুদ্ধে এ পর্যন্ত ৭০ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে ও ১২ লাখ মানুষ উদ্বাস্তুর জীবন বেছে নিতে বাধ্য হয়েছে।