ইউপিএ নয় একটি স্থিতিশীল সরকার চাই

আপডেট : ০৬ মে ২০১৩, ২০:৩৯
‘তৃতীয়বার ইউপিএ সরকার নয়’ । ২০১৪ সালে অনুষ্ঠেয় আগামী সাধারণ নির্বাচনে সরকার পরিবর্তনের লক্ষ্যে নতুন এই স্লোগান প্রকাশ করেছেন পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়। গত শনিবার কলকাতার কাছে পানিহাটিতে এক সমাবেশে তিনি আঞ্চলিক রাজনৈতিক দলগুলোকে একত্রিত হওয়ার এবং দেশে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠা করারও আহবান জানান। মমতা বলেন, ‘আমি দিল্লিতে পরিবর্তন চাই। এক্ষেত্রে আমার স্লোগান হলো, তৃতীয় দফায় ইউপিএ ইউনাইটেড প্রোগ্রেসিং এলায়েন্স না। আসুন, আমরা একটি সরকার গঠন করি। সব আঞ্চলিক দলগুলোকে দরকার। অনেকে একসাথে আসুক এবং আমাদের একটি স্থিতিশীল সরকার দিক।’ তিনদিনের মধ্যে এটা মমতার দ্বিতীয় সমাবেশ যেখানে তিনি সারধা প্রতারণা কেলেঙ্কারি নিয়ে সিপিএমকেও আক্রমণ করেন। সিপিএম, কংগ্রেস এবং কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলে তিনি অভিযোগ করেন। মমতা দাবি করেন, তৃণমূল কংগ্রেসের হিসাব বিবরণ আয়কর কর্তৃপক্ষের দ্বারা নিরীক্ষা করানো হয়। তিনি আরো বলেন, রাজ্য সরকারকে অর্থনৈতিকভাবে বঞ্চিত করতে চেয়েছিল কেন্দ্র। তৃণমূল ইউপিএ সরকার ত্যাগ করার পর এই ষড়যন্ত্র শুরু হয়েছিল। কংগ্রেস আঞ্চলিক দলগুলোকে বিভক্ত করার চেষ্টা করছে অভিযোগ করে মমতা বলেন, ‘দেশের জনগণ বলছে, প্রথম এবং দ্বিতীয় ইউপিএ সরকার হলেও, তৃতীয় ইউপিএ সরকার হবে না।’-খবর এনডিটিভির