ভারত ও চীন হিমালয়ের কাছে তাদের সীমান্ত সংলগ্ন এলাকার বিতর্কিত ভূখণ্ড থেকে সৈন্য সরিয়ে নিয়েছে। দু’দেশের মধ্যে চার দফা বৈঠকের পরে এ সিদ্বান্তে সম্মত হন তারা। সোমবার ভারতের গণমাধ্যমে এ খবর প্রকাশিত হয়েছে। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে দু’দেশের সামরিক বাহিনীর সদস্যরা তাদের স্ব স্ব এলাকায় ফিরে যেতে শুরু করেন। ভারতীয় গণমাধ্যম সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে বলেছে, বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক উভয় দেশের সৈন্যদের তাদের ক্যাম্প ৩শ’ মিটার দূরে সরিয়ে নিতে নির্দেশ দেয়া হয়েছে এবং সে অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে। তবে এ ব্যাপারে কোন দেশের পক্ষ থেকেই সরকারিভাবে নিশ্চিত করে কিছু বলা হয়নি বা কোন বিবৃতি দেয়া হয়নি। ভারতীয় কর্মকর্তাদের অভিযোগ, চীনা সৈন্য তাদের ভূখণ্ডের ১০ কিলোমিটারের মধ্যে গত ১৫ এপ্রিল অনুপ্রবেশ করে। এ সময় তারা কাশ্মীরের উত্তরে লাদাখের দেপাসাং উপত্যাকায় তাঁবু গাড়েন। অবশ্য অনুপ্রবেশের এ অভিযোগ অস্বীকার করেছে চীন।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদের চীন সফরের কয়েকদিন আগে সৈন্য সরানোর এ খবর প্রকাশিত হলো। সালমান খুরশিদের সফরের পর চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের ভারত সফরের কথা। আগামী ৯ মে সালমান খুরশিদের চীন সফর এবং ২০ মে লি কেকিয়াংয়ের ভারত সফরের দিন নির্ধারিত হয়ে আছে। উল্লেখ্য দেশ দু’টির মধ্যে ওই হিমালয়ের কাছে সীমান্ত সংলগ্ন এলাকা নিয়ে ১৯৬২ সাল থেকে বিরোধ চলছে এবং সে সময়ে তাদের মধ্যে একটা যুদ্ধও হয়েছিল।
