বগুড়ার শেরপুরে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় প্রতিটি গ্রামে এ সমস্যা তীব্র আকার ধারণ করেছে। ভূ-গর্ভস্থ পানির স্তর অস্বাভাবিক নিচে নেমে যাওয়ায় শতশত হস্তচালিত নলকূপে পানি উঠছে না। পালা করে গ্রামের লোকজন শ্যালো মেশিনের পানি সংগ্রহ করছেন। দিনে একবার ছাড়া এ পানি পাওয়া কঠিন। এ অবস্থায় উপজেলার ৫টি ইউনিয়নের অন্তত ৫০টি গ্রামের অসংখ্য মানুষ পানি সংকটের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করছেন। অনেকে পুকুর-ডোবার পানি দিয়ে গৃহস্থালির কাজকর্ম সারছেন। এতে পেটের পীড়াসহ নানা সমস্যা দেখা দিচ্ছে।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সূত্রে জানা যায়, এ উপজেলায় হস্তচালিত তারা ও অগভীর নলকূপের সংখ্যা ছিল মোট ২ হাজার ৯৬৬টি। এরমধ্যে ৩৭৯টি নলকূপ মার্চের শুরুতেই অকেজো হয়ে পড়ে। তবে এখন এসব এলাকায় ভূ-গর্ভস্থ পানির স্তর ইতিমধ্যেই ৩০ থেকে ৩২ ফুট নিচে নেমে যাওয়ার কারণে বেশিরভাগ নলকূপেই পানি উঠছে না। পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়া পর্যন্ত এ অবস্থার কোন পরিবর্তন হবে না বলেও সূত্র দাবি করে।
উপজেলার গাড়ীদহ ইউনিয়নের শিবপুর, রামেশ্বরপুর, দড়িবাংড়া, কালসিমাটি, চকপাথালিয়া, চন্ডিজানসহ বিভিন্ন গ্রামে সরেজমিনে গেলে কথা হয় এসব এলাকার অসংখ্য মানুষের সঙ্গে। গোলাম মোস্তাফা, সোলায়মান আলী, এনামুল হক, সুফিয়া বেগম, ফাতেমা খাতুনসহ অনেকে জানান, প্রায় দেড় যুগ আগ থেকে প্রতিবছরের এসময় এসব গ্রামসহ আশপাশের বিভিন্ন গ্রামে ভূ-গর্ভস্থ পানির স্তর নিচে নেমে যায়। বিশেষ করে সীমাবাড়ী, সুঘাট, খামারকান্দী, খানপুর ও গাড়িদহ-এই পাঁচটি ইউনিয়নে নিচে নেমে যায় পানির স্তর । আগের বছরগুলোতে সাধারণত মার্চ মাস থেকে পানির স্তর নিচে নামতে শুরু করতো। কিন্তু এ বছর জানুয়ারির মাঝামাঝি থেকেই এ সমস্যা দেখা দিয়েছে। ফলে এসব ইউনিয়নের শিবপুর, রামেশ্বরপুর, বাংড়া, দড়িবাংড়া, কালশিমাটি, চক পাথালিয়া, চন্ডিজান, দামুয়া, রানীনগরসহ অন্তত ৫০টি গ্রামের শত শত হস্তচালিত নলকূপে পানি ওঠা বন্ধ হয়ে গেছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানীয়জলের অভাব। বেটখৈর গ্রামের রইছ উদ্দিন, নজরুল ইসলামসহ কয়েকজন জানান, এসব গ্রামের লোকজন বোরো প্রকল্পের নলকূপ থেকে পানি সংগ্রহ করে তা পান করছেন। পানি সংকটে গরু, মহিষ, মানুষ একই ডোবা বা পুকুরে গোসল করছে। ফলে নানা রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে প্রত্যন্ত অঞ্চলের মানুষ।
