দেলদুয়ারে ক্রিকেট খেলা নিয়ে সহিংসতা নিহত ১ আহত ৩

আপডেট : ০৬ মে ২০১৩, ২২:০৯
দেলদুয়ারে ক্রিকেট খেলা নিয়ে সহিংসতায় গত রবিবার রাতে একজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে দেলদুয়ারের মুশুরিয়া গ্রামে। এলাকাবাসী ও দেলদুয়ার থানার অফিসার ইনচার্জ চান মিয়া জানান, নিহত ব্যক্তির নাম আমিনুল (২১)। ঘটনায় আহত ফারুককে ঢাকায় এবং ইসমাইল ও সোহেলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত ২৯ এপ্রিল ক্রিকেট খেলাকে কেন্দ্র করে আতিক ও সুমনসহ কয়েকজন যুবকের সঙ্গে তাদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনার মীমাংসার কথা বলে রবিবার রাতে মোবাইলে আমিনুল, ইসমাইল, সোহেল ও ফারুককে ডেকে আনা হয়। তারা আসা মাত্রই চাপাতি, কিরিচ ও ছুরি দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করা হয়।