খাবারে নেশা জাতীয় দ্রব্য

ঈশ্বরগঞ্জে তাবলীগ জামাতের ১২ মুসল্লি হাসপাতালে

আপডেট : ০৬ মে ২০১৩, ২২:১০
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তাবলীগ জামাতের ১২ মুসল্লি রাতের খাবারের সাথে তাবলীগের এক সাথী নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে নগদ টাকা ও মোবাইল নিয়ে পালিয়ে গেছেন। ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার বড়হিত ইউনিয়নের চরপুম্বাইল উত্তরপাড়া জামে মসজিদে। অজ্ঞান অবস্থায় ঐ ১২ জনকে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, দেশের বিভিন্ন স্থান থেকে ৪০ দিনের চিল্লায় আসা ১৪ সদস্যের ঐ তাবলীগ জামাত রবিবার ঐ মসজিদে আসেন। ঐ রাতে খাবারের সাথে তাদের এক সাথী নেশাজাতীয় দ্রব্য মিশিয়ে অজ্ঞান করে নগদ টাকা, স্বর্ণের চেইন ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা অজ্ঞান অবস্থায় সোমবার সকালে তাদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ হাসপাতালে ভর্তি করেন। ঈশ্বরগঞ্জ হাসপাতালের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দুপুর পর্যন্ত ১১ জনের জ্ঞান ফিরলেও সাতকানিয়া চট্টগ্রামের মো. আইয়ুবের জ্ঞান ফেরেনি। ঈশ্বরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ ডা. লক্ষ্মীনারায়ণ মজুমদার জানান, খাবারের সাথে নেশাজাতীয় দ্রব্য মেশানোর ফলে এ ঘটনা ঘটেছে।