গাজীপুরের দু’টি গার্মেন্টসে ফাটল দেখা দেয়ায় আতংকিত শ্রমিকরা গতকাল সোমবার বিক্ষোভ করেছে। পরে পুলিশ শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে কর্তৃপক্ষ গার্মেন্টস দু’টিতে ছুটি ঘোষণা করে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুর জেলা সদরের নাওজোড় এলাকার ডটকম সোয়েটারের শ্রমিকরা সকালে কাজে যোগ দিতে গিয়ে ভবনে ফাটল দেখতে পায়। তারা আতংকে কাজ করতে অস্বীকৃতি জানায়। কর্তৃপক্ষ জোর করে কাজ করাতে চাইলে তারা বিক্ষুব্ধ হয়ে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ শুরু করে। এক পর্যায়ে তারা কারখানা থেকে বের হয়ে পাশের একটি কারখানায় গিয়ে শ্রমিকদের আন্দোলনে নামার আহ্বান জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধাওয়া করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। পরে কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা চলে যায়।
কারখানার জেনারেল ম্যানেজার জাফর হাসান রনি জানান, বুয়েটের প্রকৌশলী দিয়ে ফাটল পরীক্ষা নিরীক্ষা করার উদ্যোগ নেয়া হয়েছে। তাদের ছাড়পত্র পেয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। এদিকে, জেলা সদরের কাশিমপুরের মাসকো সোয়েটার কারখানাও ফাটল আতঙ্কে ছুটি ঘোষণা করা হয়েছে। সকালে ঐ কারখানায় কাজে যোগদান করার পর ভবনে ফাটল দেখা দিয়েছে এমন অভিযোগ তুলে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। এ অবস্থায় কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা বাড়ি ফিরে যায়। গাজীপুর শিল্প পুলিশের সহকারি পুলিশ সুপার একেএম মোশারফ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
