আমাদের দেশেরই পাখি। এক এলাকা থেকে পরিযায়ী হয়ে অন্য এলাকায় যাওয়া এদের স্বভাব নয়। তবে এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া তো বটেই, দক্ষিণ আমেরিকার কিছু কিছু এলাকাতেও বাস করে এরা। আমাদের দেশে সুন্দরবন থেকে শুরু করে রাঙামাটির সাজেক পর্যন্ত ওদের দেখা মেলে। নলখাগড়ার ঝোপ অথবা জলার ধারে কোন ছোটখাটো গাছে বাসা বাঁধে। সাধারণ বকের মতই এরা হাওর-বাঁওড়, বিল-ঝিলে চরে বেড়ায়। দেখতে অনেকটাই নিশি বকের মত। গায়ের বর্ণ একই রকম। চলাফেরাও করে ওদের সঙ্গে। খুব লক্ষ্য করে না দেখলে দু’য়ের তফাত্ বোঝা কঠিন। নিশি বকের গড়ন লম্বাটে আর এরা মোটাসোটা ও খাটো। বেশিরভাগ সময় গলা খাটো করে এবং শরীরের পালক ফুলিয়ে রাখে। ফলে আরো মোটাসোটা দেখায়। এরা একাকী শিকার করতে পছন্দ করে। জলাশয়ে এদের দীর্ঘক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখা যায় শিকার ধরার জন্য। অনেক সময় নিজের পালক বা কোন পাতা মাছ ধরার টোপ হিসাবে কাজে লাগায়। ঢাকা নগরীতেও দেখা মেলে এদের।
বাংলা নাম: সবুজ বক বা কুঁড়ো বক, ইংরেজিতে বলে স্ট্রাইটেড হেরন। বৈজ্ঞানিক নাম: Butorides Striat’, গোত্রের নাম:আরডিয়িদি।
সবুজ বক লম্বায় ৫৬-৫৮ সেন্টিমিটার। মাথা থেকে লেজ পর্যন্ত সবুজ। দূর থেকে কালচে মনে হয়। পিঠ, ঘাড়, পেট ধূসর। মাথার কালো পালকগুচ্ছ দেখতে ঝুঁটির মতো। ডানার প্রান্ত সাদাটে। লেজ খাটো। যুবক পাখির বর্ণ ডোরাযুক্ত সবুজাভ কালচে-বাদামি। চোখ হলুদ। পা’ মোটা ও খাটো। চোখ হলদেটে। ভারি মজার একটা স্বভাব আছে এদের। যখন বাসায় বসে ডিমে তা দেয়, তখন ছোট একটা কাঠি বা ডাল ঠোঁটে নিয়ে মাথাটা একবার সামনে একবার পেছনে করতে থাকে। অনেকটা সেলাই মেশিনের সূচের মত। তাদের এই রহস্যময় আচরণ ধাঁধায় ফেলে দিয়েছে প্রাণী বিজ্ঞানীদের, এমনকি পক্ষী বিশারদদেরও। এমন আচরণের কি কারণ তা এখনো বুঝতে পারেননি তারা। প্রধান খাবার মাছ। জলজ পোকামাকড়ও খায়। প্রজনন সময়ে ঝোপঝাড় কিংবা গাছের ডালে বাসা বাঁধে। একই গাছে স্বজাতির অনেকেই বাসা বাঁধে। ডিম পাড়ে ২-৫টি। ডিম ফুটতে সময় লাগে ১৯-২১ দিন।
