বিনা-প্রতিদ্বন্দ্বিতায় এমপি হলেন আবদুল মালেক

আপডেট : ০৬ মে ২০১৩, ২২:৫৫
আওয়ামী লীগের প্রবীণ নেতা আব্দুল জলিলের মৃত্যুতে শূন্য হওয়া নওগাঁ-৫ আসনের উপ-নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সরকার দলীয় প্রার্থী আব্দুল মালেক। এ নির্বাচনে আগ্রহী ৬ জনের মধ্যে ৫ জনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। গতকাল সোমবার জেলা রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার একমাত্র প্রার্থী হিসাবে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেককে বিজয়ী ঘোষণা করেন। মালেক নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য জলিল গত ৬ মার্চ মারা যাওয়ার পর মালেককেই প্রার্থী হিসেবে মনোনয়ন দেয় দলটির সংসদীয় বোর্ড। নির্বাচন কমিশন যে তফসিল ঘোষণা করে তাতে ২৫ মে ভোটের দিন রাখা হলেও তার আর প্রয়োজন পড়ছে না বলে নির্বাচন কর্মকর্তারা জানান। মালেক ছাড়া জাতীয় পার্টির প্রার্থী জেলা সভাপতি এডভোকেট তোফাজ্জল হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে আওয়ামী লীগ নেতা মো. ইসাহাক আলী, আব্দুস সাত্তার টিকাদার, প্রকৌশলী আব্দুল বারী ও বিএনপি নেতা কাউন্সিলর মো. ফারুকুজ্জামান ফারুক মনোনয়নপত্র জমা দিলেও বিভিন্ন কারণে তাদের সবার আবেদন বাতিল হয়ে যায়। সাম্প্রতিক উপ-নির্বাচনগুলোতে অংশ না নেয়া বিএনপি এ নির্বাচনেও দলীয়ভাবে কোনো প্রার্থী দেয়নি।