সিলেট সিটি করপোরেশনের টানা দুই মেয়াদের মেয়র বদরউদ্দিন আহমদ কামরানকে চ্যালেঞ্জ জানিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন বিএনপি নেতা আরিফুল হক চৌধুরী। ‘আধুনিক ও সুপরিকল্পিত নগরী গড়তে নেতৃত্বের পরিবর্তন এখন সময়ের দাবি’ এই শ্লোগান নিয়ে মাঠে নেমেছেন চারদলীয় জোট সরকারের আমলের আলোচিত এই নেতা। গত শুক্রবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে নিজের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় করে প্রার্থিতা ঘোষণা করেন আরিফুল। সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি ও বর্তমানে দলের কেন্দ ীয় কমিটির সদস্য আরিফুল হক চৌধুরীর এই মতবিনিময় সভায় সিলেট বিএনপির শীর্ষ নেতারা ছিলেন অনুপস্থিত।
সূত্রমতে, মেয়র পদে প্রার্থিতা নিয়ে বিএনপিতে দেখা দিয়েছে দ্বন্দ্ব-কোন্দল। বিএনপির অনেক নেতাই মেয়রপ্রার্থী হতে চাচ্ছেন। বিশেষ করে মহানগর বিএনপির সহ-সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকী প্রার্থী হতে গ্রুপিং-লবিং শুরু করছেন। তবে বিএনপির অনেক নেতা মনে করছেন, বর্তমান সরকার ও নির্বাচন কমিশনের অধীনে বিএনপি আসন্ন সিটি নির্বাচনে অংশগ্রহণ করবে কি-না তা নিশ্চিত নয়। অবশ্য আরিফুল হকের ঘনিষ্ঠরা জানিয়েছেন, দলীয় সিদ্ধান্ত যা-ই হোক, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ব্যাপারে তিনি দৃঢ়প্রতিজ্ঞ।
তবে বদরউদ্দিন আহমদ কামরান ও আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে রয়েছে দুর্নীতির অভিযোগ। ওয়ান ইলেভেনের সময় দুইজনই গ্রেফতার হন। আরিফুল হক চৌধুরী দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত। আর বদরউদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে দুর্নীতির মামলায় চার্জশিট দেয়া হলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর তার মামলার কার্যক্রম বন্ধ হয়ে যায়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী এ ব্যাপারে ইত্তেফাককে বলেন, আমরা চাই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেউ যাতে জনপ্রতিনিধি নির্বাচিত হতে না পারেন। এব্যাপারে ভোটারদের সচেতন হতে হবে। নির্বাচন কমিশনেরও উচিত দুর্নীতিবাজ ব্যক্তিদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ না দেয়া। পাশাপাশি ‘না’ ভোটের বিধান রাখা। সত্ ও যোগ্য প্রার্থীকে বিজয়ী করার জন্য সচেতন নাগরিক কমিটির পক্ষ থেকে সিলেটে প্রচার-প্রচারণাও চালানো হবে বলে তিনি জানান।
বিগত চারদলীয় জোট সরকারের সময় তত্কালীন অর্থমন্ত্রী মরহুম সাইফুর রহমানের ঘনিষ্ঠজন হিসেবে ব্যাপক দাপুটে ছিলেন আরিফুল হক চৌধুরী। নানা কর্মকাণ্ডে তিনি হয়েছিলেন আলোচিত-সমালোচিত। সিটি করপোরেশনের কাউন্সিলর হয়েও চলাফেরা করতেন পুলিশ প্রহরায়। অনেকে তাকে ‘অঘোষিত মন্ত্রী’ ডাকতেন। দলে নিজের পছন্দের কিছু ব্যক্তিকে নানা সুযোগ-সুবিধা দিতেন। অন্যরা ছিলেন কোণঠাসা। পাওয়া না পাওয়ার বেদনায় ওই সময় সিলেট বিএনপিতে দ্বন্দ্ব-কোন্দলও চরমে উঠেছিল। সাইফুর রহমানের আশীর্বাদপুষ্ট হওয়ায় বিএনপির হাইকমান্ডও তখন তার দাপট ঠেকাতে পারেনি। ক্ষমতার দাপটে মালিক হয়েছেন বিপুল বিত্তবৈভবের।
এম সি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এ এম এ এ মাহবুব আহমদের সভাপতিত্বে ও তোফায়েল খানের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ব্যবসায়ী জিয়াউল হক, মাহতাব চৌধুরী, আব্দুল মুকিত চৌধুরী, আমান উল্লাহ সাজা মিয়া, হাজী শাব্বির আহমদ মুসান্না, মোহাম্মদ সুলেমান খান, আহমদ হোসেন মাখন মিয়া, আবু হেনা, মোহাম্মদ আজাদ, গোলাম জাকির চৌধুরী, হাজী শাহীন মিয়া, মিজানুর রহমান, অসিত ভট্টাচার্য, উত্তম সিংহ রতন, হাজী আব্দুল মতিন, নিহাররঞ্জন দাস প্রমুখ।
এদিকে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মাঠে আছেন বর্তমান মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। মেয়র পদে তার প্রার্থিতা চ্যালেঞ্জ করে এখনো দলের আর কেউ প্রার্থিতা ঘোষণা না করলেও এ নিয়ে দলে চাপা কোন্দল আছে বলে সূত্র জানায়। আওয়ামী লীগের কামরান বিরোধী অংশ চাচ্ছে তার ‘দীর্ঘ রাজত্বের’ অবসান। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক আওয়ামী লীগ নেতা বলেন, বারবার নির্বাচিত হওয়ায় কামরান এখন আত্মঅহমিকায় ভুগছেন। রয়েছে স্বেচ্ছাচারিতার অভিযোগ। দলের নেতাকর্মীদেরও যথাযথ মূল্যায়ন করেন না। উপরন্তু বিএনপি-জামায়াতের সঙ্গে তার ‘বিশেষ খাতিরকেও’ তারা নেতিবাচক হিসেবে মন্তব্য করেন।
মেয়র কামরান আবারো তাকে বিজয়ী করতে নগরবাসীর সহযোগিতা-সমর্থন আদায়ে প্রতিদিনই গণসংযোগ করছেন। ভোটারদের তিনি বলছেন, জীবনের সিংহভাগ সময়ই আমি এই নগরবাসীর সেবা করে গেছি। বাকি সময়টুকুও মানুষের পাশে থাকতে চাই।
