এখন বেশি উদ্ধার হচ্ছে নারী শ্রমিকের লাশ

আপডেট : ০৬ মে ২০১৩, ২২:৫৬
সাভারে ধসেপড়া ‘রানা প্লাজা’র ধ্বংসস্তূপ থেকে এখন বেশি উদ্ধার হচ্ছে নারী শ্রমিকের লাশ। একইসাথে উদ্ধার হওয়া মোট লাশের মধ্যে নারী শ্রমিকের লাশের সংখ্যা বেশি বলে জানিয়েছে উদ্ধারকর্মীরা। গতকাল সোমবার উদ্ধার হওয়া ২৯ শ্রমিকের লাশের মধ্যে নারী শ্রমিকের লাশই ছিল বেশি। সাভার বাজার বাসস্ট্যান্ড সংলগ্ন সেনা কন্ট্রোল রুম সূত্রও জানিয়েছে এধরনের তথ্য। তারা বলছেন, উদ্ধারকৃত লাশের মধ্যে নারী পোশাক শ্রমিকের সংখ্যাই বেশি। জেলা প্রশাসনের করা তালিকায় দেখা গেছে একই চিত্র। জেলা প্রশাসনের তালিকা অনুযায়ী স্বজনদের কাছে হস্তান্তর করা ৪৬১টি মৃতদেহের মধ্যে ১৭৫ জন পুরুষ এবং ২৮৬ জন নারী। গতকাল সেনা কন্ট্রোল রুম সূত্র জানিয়েছে, সাভারে ধসেপড়া ৯তলা ‘রানা প্লাজার’ উদ্ধার কার্যক্রমের ত্রয়োদশ দিনে ১৭ জন নারী এবং ১২ জন পুরুষসহ ২৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ধ্বংসস্তূপ থেকে গতকাল সোমবার পর্যন্ত উদ্ধারকৃত মোট লাশের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৬১। তবে এর মধ্যে ৫২৩টি লাশ শনাক্তের পর তাদের আত্মীয়-স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে গতকাল পর্যন্ত কেউ জানাতে পারেনি রানা প্লাজা ধসের ঘটনায় কত মানুষ নিখোঁজ হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, অভিযান শেষ হলেই কেবল প্রকৃত চিত্র সঠিকভাবে বলা সম্ভব হবে। উদ্ধারকর্মীরা বলছেন, দীর্ঘদিন হওয়ায় লাশগুলোতে এখন পচন ধরেছে। ফলে কোনো ধরনের আঘাতেই তা ছিঁড়ে বের হয়ে আসছে। এখন যেসব লাশ উদ্ধার করা হচ্ছে, সেগুলোর অধিকাংশই গলিত, অর্ধগলিত। যে কোনো স্থানে লাশ থাকতে পারে বিষয়টি মাথায় রেখেই চলছে উদ্ধার কাজ এবং অত্যন্ত সতর্কতার সঙ্গে ধ্বংসস্তূপ সরানো হচ্ছে। তাছাড়া লাশ উদ্ধার পরবর্তী সময়ে তা শনাক্তের জন্য লাশের পকেটে থাকা মোবাইল ফোন কিংবা আইডি কার্ডের সাহায্য নেয়া হচ্ছে। লাশের পচন ধরায় পরিচয় নিশ্চিত হওয়ার জন্যই এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়াও শনাক্ত না হওয়া লাশগুলো স্বজনদের শনাক্তের জন্য সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠে পাঠিয়ে দেয়া হচ্ছে। সেখানে সন্ধ্যা পর্যন্ত রাখার পর শনাক্ত না হলে বিকালে ডিএনএ টেস্টের জন্য মর্গে পাঠিয়ে দেয়া হচ্ছে। ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন, লাশের সন্ধান পাওয়ার পরপরই তা উদ্ধারের জন্য উদ্ধার কার্যক্রমে কিছুটা গতি কমানো হচ্ছে। সকালের দিকে বৃষ্টিপাত হওয়ায় উদ্ধার কার্যক্রম কিছু ব্যাহত হয় বলেও তারা জানান। ফায়ার সার্ভিসের সদস্যরা আরো জানান, উদ্ধার কার্যক্রম ত্বরান্বিত করতে সোমবার সকালে নতুন যন্ত্রপাতির সাথে বেশ কয়েকজন উদ্ধারকর্মী যোগ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। ঘটনাস্থল রানা প্লাজার সামনেও আশপাশের হাসপাতালগুলোতে ভিড় করছেন নিখোঁজদের স্বজনরা। নিখোঁজদের আত্মীয়-স্বজনরা ভবনটির খুব কাছে যেতে না পারলেও এখনো রানা প্লাজার আশপাশে অপেক্ষা করছেন তাদের নিখোঁজ মানুষটির লাশের জন্য। কান্না মুছে পাষাণ চোখে তারা যে কোনো বাস্তবতার জন্য অপেক্ষা করছেন। জীবিত পাওয়ার আশা ছেড়েই দিয়েছেন তারা। শুধু অপেক্ষা করছে কখন তার স্বজনের লাশটি পাওয়া যাবে। প্রিয় মানুষটি’র জন্য তারা কান্তিহীন সময় পার করছেন। লাশ উদ্ধারের খবর পেলেই সেখানে হুমড়ি খেয়ে পড়ছেন অপেক্ষারত স্বজনরা। গতকাল সোমবার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ঘটনাস্থল রানা প্লাজা, সাভার অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ এবং বিভিন্ন হাসপাতালে ত্রাণ তত্পরতা অব্যাহত রেখেছে। খাদ্যদ্রব্য ও ওষুধ সামগ্রীসহ প্রয়োজনীয় দ্রব্য সরবরাহ করছেন তারা। উদ্ধার করা ধ্বংসস্তূপ নির্ধারিত দু’টি স্থানে ফেলা হচ্ছে। লুটপাট ঠেকাতে সেখানে বেশ কয়েকজন পুলিশ সদস্য রয়েছে। সেখান থেকে মূল্যবান যন্ত্রপাতিসহ সামগ্রীগুলো উদ্ধার করে তা জেলা প্রশাসনের নির্দেশে একটি গোডাউনে রাখা হচ্ছে।