কোরআন শরীফ পোড়ানোয় জড়িতদের মৃত্যুদণ্ড দিতে হবে :হানিফ

আপডেট : ০৬ মে ২০১৩, ২২:৫৮
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, পবিত্র কোরআন শরিফে অগ্নিসংযোগ করায় হেফাজতে ইসলামের বিরুদ্ধে মামলা করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে। হেফাজতে ইসলাম কোনো ধর্মীয় দল নয়। যুদ্ধাপরাধীদের বাঁচাতে তারা জামায়াত-শিবিরের বি-টিম হিসেবে কাজ করছে। জামায়াত-শিবির যেভাবে নৈরাজ্য ও তাণ্ডব চালাচ্ছে, হেফাজতও একই ধরনের কাজ করে যাচ্ছে। অপশক্তির নৈরাজ্য ও তাণ্ডবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং তাদের প্রতিহত করতে দেশবাসীর প্রতি আহ্বানও জানান তিনি। গতকাল সোমবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সাংবাদিক সম্মেলনে হানিফ এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা মহানগরীতে সব রকমের সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করায় আওয়ামী লীগ ঘোষিত গতকালের বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি স্থগিত করা হয়েছে। পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার একই সময়ে এ বিক্ষোভ সমাবেশ করবে ক্ষমতাসীন দলটি। হেফাজতে ইসলামের তাণ্ডব ও নৈরাজ্যের বিরুদ্ধে গতকাল বিকেল ৩টায় বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ হওয়ার কথা ছিল। একই সঙ্গে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের পূর্বঘোষিত সোমবারের মতিঝিল টিএন্ডটি কলোনী মাঠের সমাবেশের তারিখও পরিবর্তন করা হয়। মাহবুব উল আলম হানিফ বলেন, কোনো ধর্মীয় দল ধর্মের দোহাই দিয়ে পবিত্র কোরআন শরিফ ও ইসলামী বই পোড়াবে; এটা কোনো মুসলমান বিশ্বাস করতে পারে না। এদের নৈরাজ্য আর সহ্য করা হবে না। গত রাতে তাদের মতিঝিল থেকে যেভাবে বিতাড়িত করা হয়েছে, সেভাবে সব জায়গায় তাদের প্রতিহত করা হবে। হানিফ বলেন, যখন বায়তুল মোকাররমের স্বর্ণের দোকান লুটপাট হচ্ছে, হাউস বিল্ডিংসহ পল্টন, গুলিস্তানের ফুটপাতের দোকানগুলো পোড়ানো হচ্ছে, ঠিক সেই মুহূর্তে খালেদা জিয়া দলীয় নেতা-কর্মীদের ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পাশে দাঁড়াতে না বলে হেফাজতের পাশে দাঁড়াতে বলেছেন। এর মাধ্যমে তিনি হেফাজতের সন্ত্রাসী কার্যক্রম আরও উসকে দিয়েছেন। এটা জাতির জন্য লজ্জাকর। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, হেফাজতের ঢাকা অবরোধ ও খালেদা জিয়ার ৪৮ ঘণ্টার আলটিমেটাম সব পরিকল্পিত। বিএনপির প্রশ্রয় না পেলে হেফাজত কখনো এভাবে সারা দেশে ধ্বংসযজ্ঞ চালাতে পারত না। সুতরাং এ সহিংসতার দায় বিরোধীদলীয় নেতা এড়াতে পারেন না। সাংবাদিক সম্মেলনে দলের কেন্দ্রীয় ও মহানগর নেতাদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এমএ আজিজ, মুকুল চৌধুরী, আবদুল হক সবুজ, সহিদুল ইসলাম মিলন প্রমুখ। এর আগে প্রবল বৃষ্টির মধ্যে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বঙ্গবন্ধু এভিনিউএ দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমবেত হন। সেখানে বিকালের সমাবেশের প্রস্তুতির অংশ হিসেবে ট্রাক মঞ্চ বানানোর কাজও শুরু হয়েছিল। তবে সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারির খবর শুনে এই প্রস্তুতি বন্ধ করে দেয়া হয়।