দিগন্ত ও ইসলামিক টিভির সম্প্রচার বন্ধ

আপডেট : ০৬ মে ২০১৩, ২২:৫৯
দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার ‘সাময়িক’ভাবে বন্ধ করে দেয়া হয়েছে। গতকাল ভোর রাতে দিগন্ত টেলিভিশনের ও রবিবার গভীর রাতে ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়। এই দু’টি টেলিভিশনের কর্মকর্তারা অভিযোগ করেছেন, কোন কারণ না দেখিয়ে টেলিভিশনের সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেন বিটিআরসি কর্মকর্তারা। পাশাপাশি তাদের কিছু যন্ত্রপাতিও জব্দ করা হয় বলে অভিযোগ করেন তারা। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কর্মকর্তারা অবশ্য বলেছেন, ধর্মীয় অনুভূতি ব্যবহার করে উস্কানি দেয়ার অভিযোগে টেলিযোগাযোগ আইনের ৫৩ ধারা অনুযায়ী চ্যানেল দু’টি বন্ধ করা হয়েছে। টেলিভিশন দু’টির সম্প্রচার বন্ধ করা প্রসঙ্গে তথ্য মন্ত্রী হাসানুল হক ইনু গতকাল এক সাংবাদিক সম্মেলনে বলেন, লাইসেন্সের শর্ত ও ধারা ভঙ্গ করার কারণে দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়। এরই ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। এটি সাময়িক ব্যবস্থা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুরো প্রতিবেদন পাওয়ার পরই পূর্ণাঙ্গ ব্যবস্থা নেয়া হবে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান সুনীল কান্তি বোস বলেন, টেলিযোগাযোগ আইনের ৫৩ ধারা অনুযায়ী চ্যানেল দু’টি সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। কতদিনের জন্য এটা বন্ধ করা হয়েছে সে ব্যাপারে তিনি কিছু বলেননি। তবে এটা সাময়িক বলে জানান তিনি। প্রসঙ্গত, দিগন্ত টেলিভিশন দিগন্ত মিডিয়া কর্পোরেশনের একটি প্রতিষ্ঠান। যার চেয়ারম্যান জামায়াত নেতা মীর কাসেম আলী। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বর্তমানে তিনি গ্রেফতার হয়ে কারাগারে আছেন। দৈনিক নয়া দিগন্তও এই প্রতিষ্ঠানেরই একটি প্রকাশনা। আর ইসলামিক টেলিভিশন চালু করেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার ভাই সাঈদ ইস্কান্দার। তার ছেলে শামস এখন প্রতিষ্ঠানটির পরিচালক।