উদ্ধারকর্মী ইজাজ উদ্দিন কায়কোবাদের লাশ সিঙ্গাপুর থেকে দেশে নিয়ে আসা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টা ২০ মিনিটে থাই এয়ার ওয়েজের একটি বিমানে করে তার লাশ ঢাকায় এসে পৌঁছায়। সেনাবাহিনীর পার্সোনাল সার্ভিসেস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রাজ্জাক আনুষ্ঠানিকভাবে তার লাশ গ্রহণ করেন। এসময় প্রধানমন্ত্রীর পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহকারী সামরিক সচিব লে. কর্নেল মাহবুব রশীদ ও নিহত ইজাজের পরিবারের সদস্যরা। পরে সেনাবহিনীর একটি পিকআপে তার লাশ সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়। প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী তার মরদেহটি রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে। আজ মঙ্গলবার দুপুরে বনানী কবরস্থানে তার মরদেহটি দাফন করার কথা রয়েছে। তবে বর্তমানে ইজাজ কায়কোবাদের লাশ মর্গে রাখা হয়েছে। এদিকে সেনাবাহিনীর কেন্দ ীয় মসজিদ ও তেস্তুরীপাড়ায় গতকাল বাদ জোহর মৃতের জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।
এজাজের মরদেহ দাফনের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক শাহীনুল ইসলাম বলেন, নিহত ইজাজকে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় মঙ্গলবার জোহর নামাজের পর কেন্দ ীয় সেনা মসজিদে জানাজা করা হবে। পরে তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে ।
এদিকে ইজাজের ভাই অ্যাডভোকেট মাহমুদুল করিম চৌধুরী সাংবাদিকদের বলেন, আমার ভাইয়ের লাশ কোথায় দাফন হবে এ নিয়ে আলোচনা চলছে। সেনাবাহিনী বনানী কবরস্থানে দাফনের কথা বলেছে। তবে পরিবার অন্যত্র দাফন করতে চাইলে সেনাবাহিনীর আপত্তি নেই বলে জানিয়েছে। তিনি আরো বলেন, ইজাজ কায়কোবাদের ছয় বছরের ছেলে ও তিন বছরের মেয়ে রয়েছে। সরকার তাদের জন্য স্থায়ী ব্যবস্থা করলে আমরা কৃতজ্ঞ থাকবো। এছাড়া প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের বিষয়টি আমাদের জন্য বিরল সম্মানের।
উল্লেখ্য, রানা প্লাজায় উদ্ধার অভিযানকালে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত হন এ স্বেচ্ছাসেবক। চিকিত্সকের পরামর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে গত বুধবার ইজাজকে উন্নত চিকিত্সার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। সরকার তার চিকিত্সা ও যাতায়াত খরচ বহন করে। এরপর গত শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা যান ইজাজ।
রানা প্লাজায় উদ্ধার
সাভারের রানা প্লাজা ধসে উদ্ধার কাজের সাহসী যোদ্ধা ইজাজের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। এক শোকবার্তায় তিনি বলেছেন, ইজাজ নিজের জীবনকে তুচ্ছ করে ধ্বংসস্তূপ থেকে অসীম সাহসিকতার সাথে জীবিত ও মৃত শ্রমিকদের বের করে এনেছেন। আর এভাবেই জীবন বাজি রেখে কাজ করার সময় গার্মেন্টসকর্মী শাহিনাকে উদ্ধারের সময় অগ্নিদগ্ধ হয়ে মারাত্মকভাবে আহত হন তিনি। পরে বিদেশে চিকিত্সাকালীন সময়ে তিনি মারা যান।
শোকবার্তায় এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী আরো বলেন, এ বীর সন্তানের অসময়ে চলে যাওয়ায় সমগ্র জাতির এক অপূরণীয় ক্ষতি হয়েছে। তিনি উদ্ধারকর্মী ইজাজসহ সকল নিহতের রূহের মাগফিরাত কামনা করেন এবং হতাহতদের পরিবারবর্গের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।
