পুলিশ হত্যাকারী ও হামলাকারী অশুভ চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার গতকাল সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন আহত পুলিশ সদস্যদের দেখতে যান। এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গতকাল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ও রবিবার রাজধানীর মতিঝিলে হেফাজতে ইসলামের হামলায় পুলিশের তিন সদস্য নিহত হন। হাসান মাহমুদ খন্দকার বলেন, রবিবার জানমাল ও জনগণের নিরাপত্তার স্বার্থে পুলিশ যা করেছে তা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই করেছে। তিনি জানান, রবিবার ও সোমবারে হেফাজতে ইসলামের হামলায় পুলিশের ৪১ জন সদস্য আহত হয়। এদের মধ্যে ৩০জন রাজারবাগ পুলিশ হাসপাতাল, ৪ জন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ৭ জন নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন। গত দুইদিনে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে- সাংবাদিকদের এমন প্রশ্নের ব্যাপারে তিনি বলেন, এখন প্রায় স্বাভাবিক অবস্থা বিরাজমান। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করছে। গতকাল দুপুরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু পল্টন ও বায়তুল মোকাররমসহ আশপাশের ক্ষতিগ্রস্ত এলাকা পরির্দশন করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার ও ডিএমপি কমিশনার বেনজীর আহমেদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, যারা হেফাজতকে সাহায্য করার ঘোষণা দিয়েছিল তারা এই ধ্বংসযজ্ঞের জন্য দায়ী। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।
