গত রবিবার হেফাজতে ইসলাম কর্তৃক ঢাকা অবরোধ কর্মসূচির জন্য রাজধানীর কয়েকটি স্থানে জনদুর্ভোগের সৃষ্টি হয় ও সহিংস ঘটনা সম্পর্কে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস নোটে বলা হয়, দুপুরের দিকে রাজধানীর বায়তুল মোকাররম, গুলিস্তান, পল্টন, বিজয়নগর, কাকরাইল, জিপিওসহ কয়েকটি স্থানে কিছু উচ্ছৃঙ্খল হেফাজতে ইসলাম কর্মী ও দুষ্কৃতকারীরা আইন-শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করলে পুলিশ তাদের ধাওয়া করে এবং সরকারি সম্পদ ও জনসাধারণের জানমাল রক্ষার্থে এবং দুষ্কৃতকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল, রাবার বুলেট ব্যবহার করে। তখন আইন-শৃঙ্খরা রক্ষাকারী বাহিনীর সাথে হেফাজতের কর্মীদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। হেফাজতে ইসলামের কর্মীরা পল্টনে সিপিবি কার্যালয়, ট্রাফিক পোস্টে অগ্নিসংযোগসহ বায়তুল মোকাররম, পল্টন ও বিজয়নগর এলাকায় বেশকিছু দোকানে লুটতরাজ ও কয়েকশ দোকানে অগ্নিসংযোগ করে। এসময় হেফাজত কর্মী ও দুষ্কৃতকারীরা কয়েকটি টেলিভিশন চ্যানেলের গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং ১০ জন সাংবাদিক কর্মীকে আহত করে। আইন-শৃঙ্খলা বাহিনী ধর্য্য সহকারে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। আইন-শৃঙ্খলা বাহিনী এবং হেফাজত কর্মী ও দুষ্কৃতকারীদের সাথে সংঘর্ষকালে হেফাজত কর্মী ও দুষ্কৃতারীদের হামলায় ঢাকা-নারায়ণগঞ্জে পলিশের ৭৬ জন সদস্য আহত এবং পুলিশ ও বিজিবির ৩ জন সদস্য নিহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ ঘটনায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করা হয়েছে। ঢাকা শহরের অন্যান্য স্থানে উচ্ছৃঙ্খল হেফাজতে ইসলাম ও জামায়াত-শিবির কর্মীরা হিংসাত্মক কর্মকাণ্ড চালাতে চেষ্টা করলে আইন-শৃঙ্খলা বাহিনীর তাত্ক্ষণিক তত্পরতা ও পদক্ষেপ গ্রহণের ফলে তাদের সে অপচেষ্টা ব্যর্থ হয়। জনসাধারণের মাঝে আতংক, ত্রাস ও ভয়ভীত সৃষ্টির লক্ষ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে যারা বিক্ষিপ্তভাবে সহিংস ও ধ্বংসাত্মক ঘটনা ঘটিয়েছে তদন্তপূর্বক তাদের আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হয়েছে।
