ফেসবুকে সরকারের বিরুদ্ধে প্রচারণার অভিযোগে কোটালীপাড়া উপজেলার ঘাঘর ইউপি আওয়ামী লীগের সহ সভাপতির ছেলে সোহেল হাওলাদারকে (২১) পুলিশ গ্রেফতার করেছে। গত রবিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফেরধারা গ্রামের বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় গতকাল সোমবার সকালে সোহেলের বিরুদ্ধে পুলিশ মামলা দায়ের করেছে।
গোপালগঞ্জ সদর থানার এএসআই জানান, ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রীদের বক্তব্য ব্যাঙ্গ করে এবং সরকার বিরোধী বিভিন্ন স্ট্যাটাস প্রকাশ করে সোহেল। এ ছাড়াও তার সাথে শিবিরের যোগাযোগ রয়েছে এমন সন্দেহে রবিবার তাকে গ্রেফতার করা হয়। গতকাল সোহেলকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
