রাজধানীর পার্শ্ববর্তী কাঁচপুর এলাকায় গতকাল সোমবার ভোর থেকে দুপুর পর্যন্ত হেফাজতে ইসলামের কর্মী ও সমর্থকদের সাথে আইন-শৃঙ্খলা বাহিনীর ত্রিমুখী সংঘর্ষ চলে। পুলিশ, র্যাব ও বিজিবি’র সাথে দফায় দফায় সংঘর্ষে বিজিবি ও পুলিশসহ কমপক্ষে ১৭ জন নিহত হয়েছে। নিহতদের কেউ হেফাজতের কর্মী বা সমর্থক নন। আহতের সংখ্যা দুই শতাধিক। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হেফাজতের হামলায় ১০ জন সাংবাদিক আহত হয়েছেন। এদিকে বেলা দুইটার পর থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল শুরু করেছে।
গত রবিবার শেষ রাতে মতিঝিল শাপলা চত্বর থেকে হেফাজতের কর্মী-সমর্থকরা পিছু হটে কাঁচপুর এলাকায় গিয়ে কয়েকটি মাদ্রাসায় অবস্থান নেন। এরপর ভোরে এলাকার কয়েকটি মসজিদের মাইকে তাদের উপর হামলা হয়েছে বলে প্রচার চালিয়ে এলাকাবাসীদের সহায়তা চাওয়া হয়। মসজিদের মাইকে এ ধরনের প্রচারণা চালানোর পরই হেফাজতের কর্মী-সমর্থকরা রাস্তায় নেমে নির্বিচারে যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করা শুরু করলে আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে তাদের সংঘর্ষ বাঁধে।
গতকাল ফজরের নামাজের পরই হেফাজতের কর্মীরা প্রথম কাঁচপুর এলাকায় রাস্তা অবরোধ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী যানবাহনের উপর চড়াও হয়। লাঠিসোঁটা নিয়ে যানবাহন ভাংচুর করা ছাড়াও বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। এক পর্যায়ে বিক্ষুদ্ধ কর্মীরা কমপক্ষে ৩০টি যানবাহনে আগুন ধরিয়ে দেয়। এ অবস্থায় হেফাজতের কর্মীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ, র্যাব ও বিজিবি রাবার বুলেট, চায়নিজ রাইফেলের গুলি, সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস সেল নিক্ষেপ করে। কিন্তু তাতে কোন কাজ হয়নি। উল্টো তারা আইন-শৃঙ্খলা বাহিনীর উপর ইটপাটকেল নিক্ষেপ করা শুরু করে। পাশাপাশি হেফাজতের কর্মী-সমর্থকরা দ্রুত কাঁচপুর থেকে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সংবাদ সংগ্রহের জন্য ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের বহনকারী গাড়িও তাদের হামলার কবলে পড়ে। লাল কাপড়ে জরুরি সংবাদপত্র লেখা ব্যানার সিএনজি অটো রিকশার সামনে লাগানো থাকার পরও ইটপাটকেল নিক্ষেপ করা হয়। যানবাহন ভাংচুরের ছবি তোলার সময় সাংবাদিকদের উপর হামলা চালানো হয়েছে। তারা চ্যানেল আই’র মাইক্রোবাসে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। কাঁচপুর ব্রিজের দু’দিক ছাড়াও সিদ্ধিরগঞ্জ, সানারপাড়, মৌচাক, সাইনবোর্ড ও শিমরাইলে প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আইন-শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য যতই চেষ্টা চালায় হেফাজতের কর্মীরা ততই মারমুখী হয়ে উঠে। সাউন্ড গ্রেনেড চার্জ ও কাঁদানে গ্যাস সেল নিক্ষেপের পর তারা ছোট ছোট গ্রুপ হয়ে দোকানপাট, যানবাহন ও পথচারীদের টার্গেট করে হামলা চালায়। নিরীহ পথচারীদের উপর হামলা চালানোর পর সংঘর্ষ ত্রিমুখী রূপ ধারণ করে। অপরদিকে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের রাস্তায় ব্যস্ত রেখে হেফাজতের কর্মী-সমর্থকরা কাঁচপুর হাইওয়ে থানা, হাইওয়ে পুলিশ ফাঁড়ি, পুলিশ বক্স ও ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ অফিসে হামলা চালায়। এসব অফিস নির্বিচারে ভাংচুর করা ছাড়াও ডিপিডিসি সিদ্ধিরগঞ্জ অফিসে আগুন ধরিয়ে দেয়। এদিকে পরিস্থিতির কোন উন্নতি না হওয়ায় দুপুরের দিকে অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়। দুপুর ১২টার পর পরিস্থিতি শান্ত হয়ে আসে। হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের কারণে সকাল থেকে গোটা এলাকা ও আশপাশে এক ধরনের ভীতিকর অবস্থা বিরাজ করে। কেউ বাসা-বাড়ি থেকে বের হয়নি।
মাইকে ঘোষণা দিয়ে প্রতিহত
সরেজমিনে দেখা গেছে, ভোর ৬টায় বিপুল সংখ্যক র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা যৌথভাবে মাদানীনগর মাদ্রাসায় অভিযান চালানোর চেষ্টা করে। পুলিশ জানায়, তাদের ধারণা ছিল মাদ্রাসায় বিপুল সংখ্যায় হেফাজতের লোকজন জড়ো রয়েছে। একই সময়ে আওয়ামী লীগের লোকজন লাঠিসোঁটা নিয়ে মাদ্রাসার সন্নিকটে অবস্থান নেয়। এক পর্যায়ে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতিহত করার ঘোষণা দেয় হেফাজতের কর্মীরা। এ ঘোষণার পরই মাদানীনগর এলাকা থেকে শত শত মানুষ লাঠিসোঁটা নিয়ে পাল্টা আক্রমণ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ বৃষ্টির মত শত শত রাউন্ড টিয়ার সেল ও রাবার বুলেট ছুঁড়ে। পুলিশ ও র্যাব মাদ্রাসায় কয়েক দফা অভিযান চালানোর চেষ্টা করে ব্যর্থ হয়। সকাল সোয়া ৮টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ তাদের সর্বশক্তি প্রয়োগ করে মাদানীনগর মাদ্রাসায় প্রবেশের চেষ্টা করে। একই সাথে ঢাকা থেকে একটি সজোয়া যান ডেমরা হয়ে ঘটনাস্থলে পৌঁছে। সজোয়া যানের পেছনে ছিল বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ। সজোয়া যান নিয়ে আইন-শৃৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেলা সাড়ে ১১টা পর্যন্ত কয়েক দফা মাদানীনগর মাদ্রাসাতে যাওয়ার চেষ্টা করলে বার বার সংঘর্ষ হয়। পুলিশ যতবারই মাদ্রাসার দিকে যাওয়ার চেষ্টা করে ততবারই সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে পৌনে ১২টার দিকে সজোয়া যানটি আবারো ডেমরার দিকে চলে যায়।
নিহতরা হেফাজতের কর্মী নন
নারায়ণগঞ্জের সাইনবোর্ড থেকে শিমরাইল মোড় পর্যন্ত হেফাজতের কর্মী-সমর্থকদের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মধ্যে চলা সংঘর্ষে ১৭ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে নিহতের সংখ্যা আরে বেশি বলে স্থানীয়রা দাবি করছেন। নিহতদের কেউই হেফাজতের কর্মী নন, তারা সবাই পথচারী। নিহতরা হলেন, সিদ্ধিরগঞ্জের পাইনাদী নতুন মহল্লার মৃত হাসেম ঠিকাদারের ছেলে সাইফুল ইসলাম (৩৫)। নারায়ণগঞ্জ শহরের চাষাড়ার একটি মার্কেটের ফাহিম ফ্যাশনের সেলসম্যান সাইফুল সকালে দোকানে যাওয়ার পথে হীরাঝিল আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে তিনি মারা যান। পথচারী পলাশ (২৫) মাদানীনগর এলাকায় তার গ্রিল ওয়ার্কশপের দোকান রয়েছে। বাসের হেলপার জসিম উদ্দিন (৩০) হীরাঝিল আবাসিক এলাকায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যান। জাহিদুল ইসলাম সৌরভ (১৭) এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে। সে সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী বাঘমারা এলাকার এনামুলের ছেলে। পথচারী মাসুম (৩০), সিদ্ধিরগঞ্জের আল আমিন সুয়েটার ফ্যাক্টরীর আয়রন বিভাগের ইনচার্জ হান্নান (৩৫) শিমরাইল এলাকায় গুলিবিদ্ধ হয়ে নারায়ণগঞ্জ ২০০ শয্যা হাসপাতালে মারা যান। বাস চালক বাবু গাজী (৩৬) আহত হওয়ার পর সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডস্থ সুগন্ধা হাসপাতালে মারা যান। তার বাড়ি শরীয়তপুরের নড়িয়া এলাকায়। ডেমরার পূর্ব বকস নগর এলাকার রইছ মিয়ার ছেলে সাদেক (৩২) দোকানে দোকানে ফিল্টার পানি সরবরাহ করতেন। রিকশা চালক হাবিবুল্লাহ (৩৪)। চাঁদপুরের কচুঁয়া থানার জারচরা এলাকার আবুল মুন্সীর ছেলে। ট্রাকের হেলপার মিজানুল হক। বিজিবির নায়েক সুবেদার শাহ আলম (৪০), পুলিশ কনস্টেবল ফিরোজ (৩৫) ও জাকারিয়া (২৮)। অন্য একজনের পরিচয় জানা যায়নি। এছাড়া দনিয়া কলেজের প্রথমবর্ষের ছাত্র বাধন (১৭), ডেমরার রানীমহল এলাকার বাদল (১৭), ডেমরার ডগাইর এলাকার খালেদ (২৮) নিহত হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন।
টার্গেট সংবাদকর্মীরা, আহত ১০ জন
সিদ্ধিরগঞ্জ সংবাদদাতা মো. মোসলেম উদ্দিন জানান, ভোরে বিপুল সংখ্যক র্যাব ও পুলিশ সদস্য মাদানীনগর মাদ্রাসার ভেতরে অভিযান চালাতে বাধার সম্মুখীন হয়। এ সময় কয়েকজন ফটো সাংবাদিক ছবি তুলতে গেলে তাদের বাধা দেন হেফাজতের কর্মীরা। তারা সাংবাদিকদের উপর হামলা করে। দুপুর পর্যন্ত সংঘর্ষ চলাকালে সাংবাদিকদের মধ্যে আহত হয়েছেন বিশাল আহম্মেদ, যুগান্তরের ফটো সাংবাদিক শামীম নূর। তার মোটরসাইকেল ভাংচুর করা হয়। এ সময় তাকে উদ্ধার করতে এসে যুগান্তরের ফতুল্লা প্রতিনিধি জাবেদ আহম্মেদ জুয়েলও হামলার শিকার হন। বাংলানিউজের নারায়ণগঞ্জ প্রতিনিধি তানভীর হোসেনের ল্যাপটপ ছিনিয়ে নিয়ে ভাংচুর করাসহ তাকে হেফাজতের কর্মীরা জখম করে। চ্যানেল আই-এর ক্যামেরাম্যান হাবিবকে মারপিট করে তাদের একটি ক্যামেরা ও ল্যাপটপ ছিনিয়ে নিয়ে আগুন ধরিয়ে দেয়া হয়। দৈনিক নিউ এইজ -এর ফটো সাংবাদিক সৌরভ লঙ্কর-এর ক্যামেরা ছিনিয়ে নেয়া হয়। দৈনিক সমকালের ফটো সাংবাদিক মেহেদী হাসান সজীব শিমরাইল মোড়ে পিকেটারদের কবলে পড়ে আহত হন। সংঘর্ষের সময় নারায়ণগঞ্জের দৈনিক দেশের আলোর ফটো সাংবাদিক মোহাম্মদ কাইয়ুম গুরুতর আহত হন। তাকে খানপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কাইউমকে উদ্ধার করতে গেলে ইত্তেফাকের ফটো সাংবাদিক তাপস সাহা ও ফোকাস বাংলার ফটো সাংবাদিক শিপন আহম্মেদকে মারধর করা হয়।
ডিসি ও এসপি যা বললেন :নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মনোজকান্তি বড়াল পরিস্থিতি নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জের সাত প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে বলে জানান। তিনি পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে বলেন, এর আগে নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। গতকাল তাদের সাথে আরো চার প্লাটুন যুক্ত হয়েছে।
পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে জানিয়ে বলেন, দুপুর দুইটা থেকে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে যানবাহন চলাচল করছে। তিনি একজন বিজিবি ও দুইজন পুলিশ সদস্য নিহত হওয়ার কথা স্বীকার করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কত রাউন্ড রাবার বুলেট, টিয়ার সেল বা হ্যান্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে তাত্ক্ষণিক তিনি জানাতে পারেননি। এসপি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
