পল্টন থেকে দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিল, বিজয়নগর থেকে পল্টন যে দিকেই চোখ যায় সবখানে শুধু ধ্বংসের ক্ষতচিহ্ন। দেখলে মনে হবে যুদ্ধবিধ্বস্ত কোন এলাকা। আশপাশের ভবনগুলো থেকে আসছে পোড়া গন্ধ। রাতের বৃষ্টির পর বায়তুল মোকাররমের সামনে গতকাল দুপুরেও জ্বলছিল বইয়ের স্তূপে লাগানো আগুন। এর মধ্যেই ধ্বংসস্তূপ সরিয়ে নিজের দোকান, অফিসে প্রবেশের চেষ্টা করছিলেন কেউ কেউ। হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের নিচে যে জনতা ব্যাংকের একটি শাখা ছিল, তা এখন খুঁজে পাওয়া দুষ্কর। পুড়ে অঙ্গার হয়ে গেছে ব্যাংকের সব আসবাবপত্র, গুরুত্বপূর্ণ ফাইলসহ সবকিছু। ব্যাংকের ভল্ট লুট হয়েছে না অক্ষত তা এখনো বোঝা যাচ্ছে না। পাশের মুক্তি ভবনে থাকা উত্তরা ব্যাংকের শাখাটিও তছনছ। দোকানগুলোতে কোনকিছুই অক্ষত নেই। আর ফুটপাতে যে দোকানগুলো ছিল, তার অস্তিত্ব এখন কোনভাবেই খুঁজে পাওয়া যাবে না।
গোটা এই বাণিজ্যিক এলাকায় অক্ষত ভবন খুঁজে বের করা কষ্টসাধ্য। কোন ভবনে আগুন, কোন ভবনে ভাঙচুরের ক্ষত। বহু অফিস, ব্যবসা প্রতিষ্ঠান করা হয়েছে তচনছ। গতকাল সকালেও মতিঝিলের রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে পড়ে ছিল ইট, জ্বলন্ত কয়লার স্তূপ, ছাই, পুড়ে যাওয়া গাড়িসহ ধ্বংসাবশেষ। ছড়িয়ে-ছিটিয়ে ছিল বিপুল পরিমাণ শুকনো খাবার, কয়েক হাজার জুতো, ভেঙে ফেলা রোড ডিভাইডার ও উপড়ে ফেলা গাছ। দেখলে মনে হবে যুদ্ধবিধ্বস্ত কোন শহর বুঝি! মতিঝিলে ঘরোয়া হোটেলের জেনারেটর ভাঙচুর, পানি উন্নয়ন বোর্ডের প্রাইভেট কারে আগুন দেয়া হয়। উপড়ে ফেলা হয় শাপলা চত্বরের রেলিংও । ধ্বংসযজ্ঞের মধ্যে দেখা গেল আগুনে পোড়া অগ্রণী ও জনতা ব্যাংকের বৈদেশিক মুদ্রা বিনিময় শাখা এবং জনতা ব্যাংক ভবন। এনসিসি ব্যাংকের প্রধান কার্যালয়ের নিচে ভাঙচুর করা হয়েছে। এছাড়া আইএফআইসি ব্যাংকের শাখা কার্যালয়ের নিচের তলা, ঢাকা চেম্বারের নিচে সিটি ব্যাংকের এটিএম বুথ, প্রাইম ও প্রিমিয়ার ব্যাংকের শাখা কার্যালয়, ইস্টার্ন ব্যাংকের কার্যালয়, উত্তরা ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ব্যাংক এশিয়া ও সাউথ ইস্ট ব্যাংক কার্যালয়েও ভাঙচুর চালিয়েছে হেফাজতের নেতাকর্মীরা। মতিঝিলে বাংলালিংকের কাস্টমার কেয়ার সেন্টার এবং দৈনিক বাংলায় এয়ারটেলের কাস্টমার কেয়ার সেন্টারে ভাঙচুর চালিয়ে তারা। হেফাজতের হামলার মুখে পড়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি), বন শিল্প উন্নয়ন কর্পোরেশন, চিনি ও খাদ্য শিল্প ভবনের দ্বিতীয় তলা, বায়তুল মোকাররমের উত্তর গেটের বিপরীতে বায়তুল ভিউ টাওয়ার। গতকাল সকালে মতিঝিলে গিয়ে দেখা গেল আগের দিন হেফাজতকর্মীদের ধ্বংসযজ্ঞের এসব চিহ্ন।
গভীর রাতে পুলিশী অভিযানের পর গতকাল ভোর সাড়ে ৪টার দিকে রাস্তা থেকে সরানো শুরু হয় ধ্বংসস্তূপ। বুলডোজার দিয়ে রাস্তার আবর্জনা সরানো হয়। আবর্জনা সরাতে ব্যবহার করা হয় অন্তত ৩০টি বিভিন্ন ধরনের ময়লা বহনকারী গাড়ি। সকালে কান্নাজড়িত কণ্ঠে ক্ষুদ্র দোকানি আবু তাহের বললেন, দীর্ঘদিন ধরে বাসস ভবনের সামনে তিনি কাপড় বিক্রি করতেন। সকালে এসে দোকানের অস্তিত্বই তিনি খুঁজে পাননি। তার সবকিছুই পুড়িয়ে দিয়েছেন হেফাজতের কর্মীরা। এখন কিভাবে চলবে তার সংসার তা তার জানা নেই। তাহেরের হিসাব অনুযায়ী তার আশপাশের ৩০ জন ক্ষুদ্র ব্যবসায়ীর কোন দোকানের অস্তিত্বই এখন আর সেখানে নেই।
ফুটপাতের দোকানগুলো থেকে বায়তুল মোকাররমের স্বর্ণের দোকানেও আগুন ছড়িয়ে পড়ে। সেখানকার নিরাপত্তারক্ষীরা জানান, নিচে ১০টি স্বর্ণের দোকানে আগুন লাগে। পরে দোতলায় চারটি স্বর্ণের দোকানে আগুন ছড়িয়ে পড়ে। পুড়ে যাওয়া ফেমাস জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক আফছার হোসেন মৃধা গতকাল দুপুরে উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা দোকানের শাটার খুলতে পারছি না। খোলা গেলে পরিস্থিতি বুঝতে পারব। বুঝতে পারব ক্ষয়ক্ষতি।
হাউজ বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান গতকাল সাংবাদিকদের বলেন, হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের আর্থিক ক্ষতির হিসেব তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয়। হেফাজত কর্মীরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করে এবং সেখানে পার্কিংয়ে রাখা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন এক পর্যায়ে ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। হেফাজতের কর্মীদের দেয়া আগুনে হাউজ বিল্ডিং ফিন্যান্স করপোরেশনের ১২টি গাড়ি ভস্মীভূত হয়েছে। এর মধ্যে দুটি মিত্সুবিশি জিপ রয়েছে। দু’টি জিপের দামই এক কোটি টাকার ওপরে। এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের আরো ১০টি গাড়ি আগুনে পুড়েছে। এর মধ্যে কোনটি পুরোপুরি, কোনটির আংশিক ।
