হেফাজত জামায়াত কাউকেই ছাড় দেয়া হবে না :প্রধানমন্ত্রী

আপডেট : ০৬ মে ২০১৩, ২৩:০৪
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে তাণ্ডব সৃষ্টির সাথে যারা জড়িত তারা হেফাজত হোক আর জামায়াতই হোক তাদের কাউকে ছাড় দেয়া হবে না। তিনি জামায়াত ও হেফাজতের বিরুদ্ধে কঠোর হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি নির্দেশ দিয়েছেন। হেফাজতের মোড়কে অন্য কেউ যুক্ত হয়ে যাতে কোন ধরনের অরাজকতায় লিপ্ত হতে না পারে সে জন্য সকলকে সতর্ক থাকতে হবে। গতকাল সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আলোচ্যসূচির বাইরে এ বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন বলে নির্ভরযোগ্য সূত্র জানায়। বৈঠকে দেশের কোথাও হেফাজতকে আর কোন রাজনৈতিক কর্মসূচি পালন করতে না দেয়ার ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রবিবার রাজধানীতে হেফাজতের নামে তাণ্ডব চলানো হয়েছে। এই তাণ্ডব পরিকল্পনাকারীদের আইনের আওতায় আনা হবে। ভিডিও ফুঁটেজ দেখে যারা তাণ্ডব চালিয়েছে তাদের বিরুদ্ধে মামলা রুজু এবং তাদের গ্রেফতারের নির্দেশ দেন তিনি। তবে কোন নিরপরাধ ব্যক্তি যেন কোন প্রকার হয়রানির শিকার না হয় সেদিকে নজর রাখারও তিনি নির্দেশ দিয়েছেন। বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, রবিবার দুপুর থেকে গভীর রাত অবধি চালানো তাণ্ডবের সাথে যে জামায়াত সরাসরি জড়িত তার প্রমাণ তাণ্ডবের এলাকা দেখলেই পাওয়া যায়। জামায়াত অধ্যুষিত মগবাজার, ফকিরাপুল, নয়াপল্টন এলাকায় এই তাণ্ডব চালানো হয়েছে। এই তাণ্ডবে পবিত্র কোরআন শরিফ পোড়ানো ঘটনায় নিন্দা ও ধিক্কার জানিয়ে তিনি বলেন, এরা কেমন মুসলমান। পবিত্র কোরানও তাদের হাত থেকে রক্ষা পায় না। যারা কোরআনের হেফাজত করে না তারা ইসলামের হেফাজত করবে কেমনে? তিনি মন্ত্রিসভার সকল সদস্যকে বলেন, নিজ নিজ এলাকায় সমাবেশের মাধ্যমে জনগণকে তাদের এই কথা জানাতে হবে। প্রধানমন্ত্রী বলেন, হেফাজতের সদস্যসংখ্যা খুব বেশি না। এদের নজরদারিতে রাখতে হবে। যেখানে জামায়াত ও হেফাজতের ঘাঁটি রয়েছে সেখানেই চালাতে হবে অভিযান। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট এলাকায় বিজিবিসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়ানোরও নির্দেশ দেন তিনি। বৈঠকে প্রধানমন্ত্রী আরো বলেন, রবিবার পরিকল্পিতভাবে রাজধানীতে তাণ্ডব চলানো হয়েছে। এতে জামায়াত ও বিএনপিও সম্পৃক্ত ছিল। হেফাজতের মোড়কে তারা এই তাণ্ডব চালিয়েছে। ভবিষ্যতে হেফাজতের মোড়কে আর কেউ যেন এই তাণ্ডব চলাতে না পারে সে ব্যাপারে সকলকে সতর্ক থাকতে হবে। সূত্র জানায়, মন্ত্রিসভার দেড় ঘন্টার বৈঠকে মাত্র একটি আলোচ্যসূচি ও একটি অবহিতকরণের বিষয় থাকলেও অধিকাংশ সময় কেটেছে রবিবারে হেফাজতের কর্মসূচিতে তাণ্ডবের আলোচনা নিয়ে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রী নিজেই আলোচনার সূত্রপাত করেন। মন্ত্রিসভার একাধিক সদস্য ইত্তেফাককে জানান, রোববার রাতে প্রধানমন্ত্রী নিজেই সারারাত জেগে পুরো ঘটনা পর্যবেক্ষণ করেন ও সার্বক্ষণিক খোঁজ-খবর রাখেন। একই সঙ্গে আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করায় মন্ত্রিসভার সদস্যরা তাদের ধন্যবাদ জানান। প্রধানমন্ত্রী বলেন, রোববার মতিঝিল, পল্টন এলাকার হকারসহ অনেক ছোট ব্যবসায়ীর দোকানপাট পুড়িয়ে দেয়া হয়েছে। লুটপাট হয়েছে কোথাও কোথাও। এই ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন তিনি। ক্ষতিগ্রস্ত এই ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন করা হবে বলেও তিনি জানান। তিনি বলেন, মতিঝিল শাপলা চত্বরে আর কাউকে সমাবেশ করার অনুমতি দেয়া হবে না। এতে ব্যবসা-বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়। সেখানে রয়েছে ব্যাংক পাড়া। কোন সমাবেশ হলে অফিস করতে সমস্যার সৃষ্টি হয়।