মাত্র ১০ মিনিটের শ্বাসরুদ্ধকর অভিযান। প্রায় অর্ধলক্ষ হেফাজত কর্মীদের শাপলা চত্বর থেকে ছত্রভঙ্গ করতে আইন-শৃঙ্খলা বাহিনী পরিচালনা করে এই যৌথ অভিযান। প্রায় ১০ হাজার পুলিশ সদস্যের সঙ্গে অভিযানে অংশ নেয় র্যাব গোয়েন্দা ইউনিট ও র্যাব-৩ এর সমন্বয়ে গঠিত ৮শ’ সদস্যের একটি দল। ছিল বিজিবি’র ৩২ প্লাটুন সদস্য। অভিযানে পুলিশের গুলিতে নিহত হয়েছেন বুয়েটের এক ছাত্রসহ ৭ জন। এছাড়া হেফাজত কর্মীদের হামলায় একজন সাব-ইন্সপেক্টর নিহত হয়েছেন। হেফাজত কর্মীদের ছত্রভঙ্গ করতে গিয়ে পুলিশের গুলি ও রাবার বুলেটে বহু হেফাজত কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। হেফাজতের হামলায় অন্তত অর্ধশত পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র হাসান (২২) নিহত হয়েছেন মতিঝিল শাপলা চত্বরের কাছে সোনালী ব্যাংক ভবনের সামনে। তার পিতার নাম মামুন হাসান। বাড়ি নওগাঁয়। বুয়েটের আহসান উল্লাহ হলের তিনি আবাসিক ছাত্র। যাত্রাবাড়ীর পূর্ব কাজলার কাপড় ব্যবসায়ী কাজী রাকিবুল হক (৪০) নিহত হয়েছেন পুলিশের গুলিতে। সোমবার সকালে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে নিহতের লাশ শনাক্ত করেন তার স্ত্রী সালমা বেগম ও ভাই কাজী শহিদুল হক। কুমিল্লার দাউদকান্দির থোরখোলা পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইউনুসের (৩৫) লাশ শনাক্ত করেন তার স্ত্রী হুমায়রা বেগম। মুন্সীগঞ্জের সিরাজদিখানের নতুন ভাষানচর গ্রামের দ্বীন ইসলামের (৩৫) লাশ শনাক্ত করেন তার স্বজন আলাউদ্দিন। ফরিদপুরের কানারী টেকের হাট গ্রামের আলামিনের (৩০) লাশ সনাক্ত করেন তার বাবা আবদুল জব্বার শেখ। বাকি দুই জনের পরিচয় এখনও জানা যায়নি। হেফাজতের কর্মীদের হামলায় আহত এসআই শাজাহানকে প্রথমে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে গতকাল সকাল ৭ টার দিকে চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন। মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিএমও) তিনি এসআই ছিলেন। এর পাশাপাশি হেফাজত ইসলাম তাদের বহু কর্মীর লাশ গুমের অভিযোগ তুললেও এ ব্যাপারে নিশ্চিত কোন তথ্য কেউ দিতে পারেনি। এর আগে রবিবার দুপুর থেকে রাত সাড়ে ৮ পর্যন্ত পল্টন, দৈনিক বাংলা ও বিজয়নগর এলাকায় সংঘর্ষে ৪ জন নিহত হন। এ নিয়ে সরকারি হিসাবে রবিবার দুপুর থেকে সোমবার ভোর পর্যন্ত হামলা, সংঘর্ষ ও গুলিতে ১২ জন নিহত হয়েছেন।
মতিঝিল শাপলা চত্বরে রবিবার গভীর রাতে অভিযানে সরাসরি অংশ নেন ডিএমপি’র একজন অতিরিক্ত কমিশনার, ২ জন উপ-কমিশনার, দুইজন অতিরিক্ত উপ-কমিশনার ও ৪ জন সহকারী কমিশনারের নেতৃত্বে ১০ হাজার পুলিশ সদস্য। মোতায়েন করা হয় ৬টি এপিসি ও ২টি জল কামান। ব্যবহার করা হয় রাইফেল, শর্টগান, গ্যাস গান ও সাউন্ড গ্রেনেড।
পুলিশের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, হেফাজত ইসলামের নেতা-কর্মীদের সমাবেশস্থল ত্যাগ করার জন্য শাপলা চত্বর থেকে বাংলাদেশ ব্যাংকের সামনের রাস্তা এবং ইত্তেফাক মোড়ের দিকের রাস্তা দুইটি উন্মুক্ত ছিল। রাত সোয়া ২টার দিকে মতিঝিল থানার সামনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শেখ মারুফ হাসান হেফাজত ইসলাম কর্মীদের সমাবেশস্থল থেকে সরে যাওয়ার অনুরোধ করেন। তিনি বলেন, সমাবেশকারীদের ছত্রভঙ্গ করতে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এই ঘোষণার পর পুলিশ ২০ মিনিট অপেক্ষা করে। রাত ২টা ৩৫ মিনিটে পুলিশ আনুষ্ঠানিকভাবে হেফাজত ইসলামের কর্মীদের লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। হেফাজত ইসলাম কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও পাথর নিক্ষেপ করতে থাকে। একই সময়ে আরামবাগ ও দিলকুশার দিক থেকে পুলিশ বৃষ্টির মতো গুলি, রাবার বুলেট ও টিয়ার সেল নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে হেফাজত কর্মীরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটতে থাকে। অন্যদিকে, মতিঝিল থানার গলির দক্ষিণ দিক থেকে হেফাজত ইসলামের একদল কর্মী থানা লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে। এসময় পুলিশ হেফাজত কর্মীদের লক্ষ্য করে শত শত রাউন্ড টিয়ার সেল ছুঁড়তে থাকে। টিয়ার সেলের ধোঁয়ায় অনেক পুলিশ অসুস্থ হয়ে পড়েন।
পুলিশ মতিঝিলের জনতা ব্যাংক ভবনের দিক থেকে দুইটি এপিসি নিয়ে হেফাজত কর্মীদের দিকে রাবার বুলেট ছুঁড়তে থাকে। এসময় কয়েকজন হেফাজত কর্মী পুলিশের রাবার বুলেটে রাস্তায় লুটিয়ে পড়লে কর্মীদের মধ্যে মনোবল ভেঙ্গে যায়। তারা এক যোগে পিছু হটে আশেপাশের ভবনে আত্মগোপন করেন। পুলিশ রাবার বুলেট ছুঁড়তে ছুঁড়তে শাপলা চত্বরে অবস্থান নেয়। এসময় নটরডেম কলেজের দিক থেকে পুলিশ গুলি করতে করতে সেখানে উপস্থিত হয়। এরই মধ্যে হেফাজতের প্রায় সব নেতা-কর্মী শাপলা চত্বর থেকে ইত্তেফাকের মোড় দিয়ে যাত্রাবাড়ীর দিকে রওনা দেয়। যেসব হেফাজত কর্মী বিভিন্ন ভবনে আত্মগোপন করেন, তাদের র্যাব সদস্যরা উদ্ধার করে ছেড়ে দেয়। এদের মধ্যে সোনালী ব্যাংক প্রধান কার্যালয়ের সীমানা প্রাচীর টপকে প্রায় ৩ হাজার কর্মী সেখানে আত্মরক্ষা করেছিল। র্যাব সদস্যরা সেখান থেকে তাদের উদ্ধার করে ছেড়ে দেয়।
হেফাজত কর্মীদের সকলের চোখে-মুখে ছিল এক আতঙ্কের ছাপ। অনেকের বয়স ছিল ১০ বছর থেকে ১৫ বছরের মধ্যে। তারা নিজেরাও জানে না এ ধরনের একটি অভিযান হবে। অনেকেই হেঁটে সমাবেশ স্থলে এসে দিনভর কোনো খাবার না পেয়ে তাদের শারীরিক অবস্থা ছিল খুবই খারাপ। এ কারণে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করে ছেড়ে দেয়।
অন্যদিকে, রাত ৩টার দিকে শাপলা চত্বর ও এর আশেপাশের এলাকা পুলিশের নিয়ন্ত্রণে চলে আসে। এসময় পুলিশ আশেপাশের গলিতে ঢুকে ফাঁকা রাবার বুলেট ছুঁড়তে থাকে। রাত সাড়ে ৪টার দিকে এই অভিযান সমাপ্ত হয়।
এর আগে রবিবার রাত সাড়ে ৮টার পর পল্টন থেকে দৈনিক বাংলা মোড় ও ফকিরাপুল এবং বিজয়নগর এলাকায় সহিংসতা থেমে যায়। ফায়ার সার্ভিস আগুন নেভানোর কাজ শুরু করে। রাত ৯টার দিকে পুলিশ দৈনিক বাংলা মোড় হয়ে মতিঝিল শাপলা চত্বরের দিকে এগুতে থাকে। মতিঝিল থানার সামনে পুলিশের প্রায় দুইশ সদস্য থানার নিরাপত্তা দায়িত্ব পালন করে। পুলিশ থানার সামনে প্রধান সড়কে অবস্থান নেয়। দৈনিক বাংলা মোড় থেকে আইএফআইসি ব্যাংক ভবন পর্যন্ত হামলাকারীরা একটি প্রাইভেট কার ও একটি পিকআপ গাড়ি জ্বালিয়ে দেয়। রাত ১০টার পর থেকে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ স্থল থেকে অন্তত ৫/৬ হাজার কর্মী দৈনিক বাংলা মোড়ের দিকে এগুতে থাকে। এসময় মতিঝিল থানার সামনে থেকে দুইটি এপিসি (আরমার্ড পারসোনেল ক্যারিয়ার) নিয়ে শাপলা চত্বরের দিকে অবস্থান নেয় অন্তত ২ হাজার পুলিশ সদস্য। সিটি সেন্টারের সামনে দুই দিকে হেফাজতে ইসলাম ও পুলিশ মুখোমুখি অবস্থান নেয়। শাপলা চত্বর থেকে সিটি সেন্টার পর্যন্ত হেফাজতে ইসলাম সড়কদ্বীপের সিমেন্টের টুকরা ভেঙ্গে ফেলে বিভিন্নস্থানে ব্যারিকেড দেয়। এছাড়া সড়কের দুই দিকের ফুটপাতের দোকানের চৌকি, বেঞ্চ রাস্তায় জড়ো করে আগুন ধরিয়ে দেয়। বিদ্যুতবিহীন মতিঝিল এলাকায় এক ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে। থেমে থেমে হেফাজতে ইসলাম শ্লোগান দিতে থাকে।
সময় যত গড়াতে থাকে হেফাজতে ইসলামের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের অস্থায়ী মঞ্চ থেকে দলীয় নেতারা কর্মীদের উজ্জীবিত করতে বক্তব্য দিতে থাকেন। এরই মধ্যে ফকিরাপুল মোড় থেকে আরামবাগের দিকে পুলিশ ও র্যাবের দুইটি টিম ধাবিত হতে থাকে। তারা অবস্থান নেয় সার্জেন্ট হেলাল পুলিশ বক্সের কাছে। পুলিশ ও র্যাবের সমন্বয়ে এই টিমে আনুমানিক সদস্য সংখ্যা ছিল দুই হাজার। এই টিমের সঙ্গে রাজারবাগ পুলিশ লাইন থেকে রিজার্ভ ফোর্সের এক হাজার সদস্য মোতায়েন করা হয়। পাশাপাশি রাজউক ভবনের পাশ দিয়ে মতিঝিল দিলকুশা এলাকায় পুলিশ ও র্যাবের আরো দুইটি টিম অবস্থান নেয়। মতিঝিল থানার পাশে মোহামেডান ক্লাব গলি ও বলাকা ভাস্কর্যের কাছে পুলিশ মোতায়েন করা হয়।
