সব পুড়ে নিঃস্ব ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা

আপডেট : ০৬ মে ২০১৩, ২৩:০৬
বায়তুল মোকাররম মার্কেটে ৪২ বছর ধরে চশমার দোকান করতেন ফুল মিয়া (৬০)। হেফাজতে ইসলামের কর্মীদের সঙ্গে গত রবিবার বেলা ১২টার দিকে সংঘর্ষের সময় তিনি তার ফুটপাতের দোকান বন্ধ করে বাসায় চলে যান। রাতে জানতে পারেন, ফুটপাতের দোকানগুলোতে আগুন দেয়া হয়েছে। আগুনের খবর পেয়ে তিনি বায়তুল মোকাররম মার্কেট এলাকায় পৌঁছলে সংঘর্ষের কারণে দোকানের কাছে যেতে পারেননি। তারপর গতকাল সোমবার সকালে মার্কেটে আসেন ফুল মিয়া; কিন্তু কোথায় তার দোকান? চারদিক ফুটপাতে শুধু পোড়া গন্ধ। রোজগারের একমাত্র সহায় চশমার দোকানটির চিহ্ন পর্যন্ত অবশিষ্ট নেই। ফুল মিয়া কান্না জড়ানো কণ্ঠে বলেন, ৪২ বছর ধরে এই দোকান দিয়ে সংসার চলছে। পল্টন এলাকায় এত সংঘর্ষ হয়েছে; কিন্তু কেউ কোনো দিন আগুন দেয়নি। এবারের অগ্নিকাণ্ডে একেবারে পথে বসেছেন। বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে দক্ষিণ গেট, ক্রীড়া পরিষদের ফুটপাত, মুক্তি ভবনের ফুটপাত, র্যাংগস টাওয়ার ফুটপাত ও হাউজ বিল্ডিং ফুটপাত মিলে প্রায় সাড়ে তিনশ দোকান জ্বালিয়ে দেয়া হয়েছে। বায়তুল মোকাররম মার্কেটের ফুটপাতে গতকাল গিয়ে দেখা যায়, ক্ষুদ্র ব্যবসায়ী বাবুল, ইসমাইল হোসেন, আব্দুর রহিমসহ আরো অনেকে দোকানের সামনে বসে কান্নাকাটি করছেন। তাদের ব্যবসা করার জন্য স্থানীয় মাল্টিপারপাস কো-অপারেটিভ থেকে গড়ে ২ লাখ থেকে ৪ লাখ টাকা করে ঋণ নিয়েছেন। দোকান পুড়ে যাওয়ায় এখন তাদের মাথায় হাত। চার্জার লাইটের ব্যবসায়ী ইসমাইল বলেন, দোকানে নতুন মালামাল কেনার জন্য এক লাখ টাকা ঋণ করা হয়েছে। আগুনে কয়লা হয়ে যাওয়ার পর তার কিছুই রইল না। আরিফুল ইসলামের ছিল কাপড়ের দোকান। দোকানে আগুন দেখে ছুটে আসেন; কিন্তু তার ওপর হামলাকারীরা চড়াও হয়। শো-পিসের ব্যবসায়ী রহিম বলেন, এখানে ভালো ক্রেতারা আসেন। তাদের চাহিদা অনুযায়ী মাল রাখি। একদিনে সব শেষ। মুক্তি ভবনের সামনের ফুটপাতে ছিল পুরাতন বইয়ের দোকান। ১৬টি দোকান পুড়ে এই ফুটপাতের ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছেন। সুজন, দেলোয়ার হোসেন, উত্পল, সুমন, গোলাম মোস্তফা, হাবিব খন্দকার, রহিম, শফিকুল, লক্ষণ, মাসুদ, আব্দুল, শহীদ, বাবুল, মুজিবুর, উজ্জ্বল ও খোকন জানান, অগ্নিকাণ্ডে তাদের পরিবার এখন পথে বসেছেন। কেউ তাদের ক্ষতিপূরণে আশ্বাস দিচ্ছেন না। বায়তুল মোকাররম মসজিদের এই ফুটপাত ছাড়াও পল্টন, মতিঝিল, দৈনিক বাংলার মোড়, ফকিরেরপুল, বিজয় নগরসহ আশপাশের পুরো এলাকায় রাস্তার ধারে ফুটপাতে গড়ে ওঠা সবগুলো দোকান আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত এসব ব্যবসায়ীরা সরকারের প্রতি নিজেদের পুনর্বাসন দাবি জানিয়েছেন।