চট্টগ্রামের হাটহাজারী ও বাগেরহাটে হেফাজতে ইসলামের সঙ্গে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সংঘর্ষে ৯ জন নিহত এবং ৭০ জনের বেশি আহত হয়েছেন। হাটহাজারীর সংঘর্ষে পুলিশের পাশাপাশি আওয়ামী লীগ কর্মীরাও যোগ দেয়।
ইত্তেফাকের চট্টগ্রাম অফিস জানায়, হাটহাজারীতে পুলিশ ও আওয়ামী লীগ কর্মীদের সাথে হেফাজতে ইসলামের ত্রিমুখী সংঘর্ষে সেনা সদস্যসহ ৭ জন নিহত ও অর্ধশতাধিক গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে ১৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আল্লামা শফী গ্রেপ্তার ও হাটহাজারী মাদরাসায় হামলার গুজবকে কেন্দ্র করে বিকাল ৪টায় সংঘর্ষ শুরু হয়। এ সময় হাটহাজারী বাস স্ট্যান্ড, বাজার, উপজেলা পরিষদের সামনের রাস্তা এবং হেফাজতে ইসলামের সদর দফতর দারুল উলুম মইনুল ইসলাম মাদরাসার সামনের রাস্তা রণক্ষেত্রে পরিণত হয়। হেফাজত কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ রবার বুলেট, টিয়ার সেল ও ফাঁকাগুলি বর্ষণ করে। সংঘর্ষ চলাকালে পৌরসভা রাস্তার মাথা এলাকায় সেনা সদস্য সাইদুর রহমান, হাটহাজারী আধুনিক হাসপাতালে মো. আনোয়ার জাহিদ (২২), জসিম (৩২) ও মোহাম্মদ শাহাদাত (২৭) মারা যান। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পর ৩ জন মারা যান।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল বাশার জানান, হাটহাজারীর ঘটনায় গুরুতর আহত তিনজনকে সন্ধ্যায় চমেক হাসপাতালে আনা হয়। হাসপাতালের চিকিত্সকরা তাদের মৃত ঘোষণা করেন। এরা হলেন দিনমজুর আবু নোমান (৪০), স্থানীয় বাজারের ব্যবসায়ী মো. জসিম উদ্দিন (২৪) ও পথচারী মনিরুল ইসলাম (৩৫)। এদের মধ্যে প্রথম দু‘জন মীরেরখিল গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। এছাড়া গুলিবিদ্ধ অবস্থায় ১৪ জনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী নিহতদের মধ্যে ২ জনকে তাদের কর্মী বলে দাবি করেন। রাত সোয়া ৯টায় এ রিপোর্ট লেখার সময় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল। এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী টহল দিচ্ছে। চট্টগ্রাম রাঙামাটি ও চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
বাগেরহাট প্রতিনিধি জানান, বাগেরহাটে সোমবার সকাল থেকে দুপুর আড়াইটা পর্যন্ত হেফাজতে ইসলাম এর কর্মীদের সাথে পুলিশ ও র্যাবের কয়েক দফা সংঘর্ষে হেফাজতে ইসলামের অন্তত দুইজন কর্মী নিহত হয়েছেন। হেফাজতে ইসলামের কর্মীদের ছোড়া ইট ও নির্বিচার লাঠির আঘাতে আহত হয়েছেন পুলিশ, সাংবাদিক ও সাধারণ পথচারীসহ অন্তত ২০ জন। গতকাল সোমবার সকাল আটটা থেকে খুলনা-মংলা সড়কের চুলকাঠি ও কাটাখালী মোড় এবং বাগেরহাট-খুলনা সড়কের টাউন নওয়াপাড়া ও কাঠালতলা এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুরে ঐ এলাকায় দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
নিহত হেফাজতে ইসলামীর ঐ কর্মীর নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ মন্ডল বিকেলে জানান, দুপুর পৌনে একটার দিকে টাউন নওয়াপাড়া এলাকায় পুলিশের সাথে সংঘর্ষের সময় একজন নিহত হয়েছেন। তার লাশ খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রয়েছে। তবে কাঁঠালতলা এলাকায় বসে দুপুর সোয়া ১টার দিকে সাঈদ মোড়ল নামে এক ব্যক্তি এই প্রতিবেদককে বলেন, পুলিশের গুলিতে তার ভাই সিদ্দিক মোড়ল (৪৭) নিহত হয়েছেন বলে তিনি জানতে পেরেছেন। তবে সেই লাশ কোথায় আছে তা তিনি তখন বলতে পারেননি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত সংঘর্ষ চলাকালে শাড়ি ও সালোয়ার কামিজ পরিহিত হেফাজতে ইসলামের দুই শতাধিক নারী কর্মী পুলিশ, সাংবাদিক ও পথচারীদের উপর হামলা চালায়। বিকেলে চারটার দিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হেফাজতে ইসলামী কর্মীদের সরিয়ে দিয়ে এলাকায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সকাল থেকে দুপুর পর্যন্ত সাড়ে ছয় ঘন্টা সংঘর্ষ চলাকালে পুলিশ অন্তত তিন শত রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে।
