রাজধানীর শাপলা চত্বরে অবস্থান নেয়া হেফাজতকে সরাতে পুলিশ, র্যাব ও বিজিবির যে যৌথ অভিযান পরিচালিত হয় তাতে কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছে আওয়ামী লীগ। গতকাল সোমবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ দলের পক্ষে এ দাবি করে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কোন প্রাণহানি ছাড়াই সফলভাবে হেফাজতকে ঢাকা ত্যাগ করিয়ে দিয়ে রাজধানীতে শান্তি ফিরিয়ে এনেছে। হেফাজত কর্মীরা রাতেই সারিবদ্ধভাবে ঢাকা ত্যাগ করেন। যা ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে জাতি প্রত্যক্ষ করেছে।
‘পুলিশ, বিজিবি, র্যাব শত শত হেফাজত কর্মীকে হত্যা করেছে এবং লাশ গুম করেছে’ মর্মে বিএনপি নেতা এম কে আনোয়ারের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, এম কে আনোয়ার অসত্য তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন। বাংলাদেশের কোন মিডিয়া কোন হতাহতের তথ্য দিতে পারেনি। তবে কোন তথ্যের ভিত্তিতে এ ধরনের কথা বলে জাতিকে বিভ্রান্ত করছেন? এই তথ্যের প্রমাণ দেখান অথবা আপনার বক্তব্য প্রত্যাহার করুন। নইলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হব। একই সঙ্গে কোরআন শরীফ পুড়িয়ে দেয়ার ঘটনায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এক নেতার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তার প্রমাণ দিন। তিনি বিএনপি নেতৃবৃন্দের উদ্দেশে আরো বলেন, মিথ্যাচার বন্ধ করুন, নইলে রাজনীতি থেকে অবসর নিন। আইন-শৃঙ্খলা বাহিনীর যে সকল সদস্যরা সফলভাবে এই অভিযান পরিচালনা করে ঢাকায় শান্তি ফিরিয়ে এনেছে তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, হেফাজতে ইসলাম কোন রাজনৈতিক দল নয়। এরা জামায়াত-শিবিরের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। যুদ্ধাপরাধীদের বাঁচাতে তারা জামায়াত-শিবিরের বি-টিম হিসেবে কাজ করছে। যারা কোরআন শরীফ পুড়িয়েছে, তারা কোন ধর্মীয় সংগঠন হতে পারে না।
সাংবাদিক সম্মেলনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমদু স্বপন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় সদস্য সুজিত রায় নন্দী, একেএম এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।
