গণহত্যার পর শত শত লাশ গুম করা হয়েছে

আপডেট : ০৬ মে ২০১৩, ২৩:০৭
হেফাজতে ইসলামের ওপর রাতের অন্ধকারে হামলা চালিয়ে সরকার পরিকল্পিত গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দল। তারা বলেছে, গভীর রাতে শাপলা চত্বরে বাতি নিভিয়ে ভূতুড়ে পরিবেশ সৃষ্টি করে পুলিশ, র্যাব, বিজিবি এবং ছাত্রলীগের ক্যাডাররা শান্তিপূর্ণভাবে অবস্থানরত নিরীহ ধর্মপ্রাণ আলেমদের ওপর যে হত্যাযজ্ঞ চালিয়েছে তা একাত্তরের ২৫ মার্চের কালরাত্রের চেয়েও বেশি। এ ঘটনা মানবতাবিরোধী এবং ব্রিটিশ ভারতের জালিয়ান ওয়ালাবাগ হত্যার চেয়েও নির্মম। মুহুর্মুহু গুলি ছুঁড়ে হাজার হাজার নিরীহ আলেম ওলামাকে হত্যার পর শত শত লাশ গুম করা হয়েছে। গতকাল সোমবার বিকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলের বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার একথা বলেন। এমকে আনোয়ার বলেন, সরকারের অনুমতি নিয়েই শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতারা অবস্থান নিয়েছিলেন। তারা কোন অপরাধ করেননি। তারা কোন নাশকতা করেনি। নিরীহ নির্বিরোধ আলেমদের এই গণহত্যার বিচার হবেই হবে। তিনি বলেন, বায়তুল মোকাররম মসজিদে অবস্থিত বই এর দোকানে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা দেবাশীষের নেতৃত্বে লুটপাট এবং পবিত্র কোরআন শরীফসহ ধর্মীয় গ্রন্থসমূহে অগ্নিসংযোগ করা হয়। যা বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় দেবাশীষের ছবি সম্বলিত খবর প্রচার করা হয়েছে। এমকে আনোয়ার অভিযোগ করেন গতকাল সকালে সিদ্ধিরগঞ্জে ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা পুলিশ, র্যাব ও বিজিবির সহযোগিতায় মাদ্রাসা আক্রমণ করে ২৫ জন নিরীহ ছাত্রকে হত্যা এবং প্রায় চার শতাধিক ছাত্রকে গুরুতর আহত করেছে। বাগেরহাটে সকালে পুলিশ র্যাব ও বিজিবি সহযোগিতায় আওয়ামী সন্ত্রাসীরা হামলা করে দশজন বিএনপি নেতাকর্মীকে হত্যা এবং শতাধিক নেতাকর্মীকে আহত করে। দুপুরে লালবাগ ও যাত্রাবাড়ি কওমী মাদ্রাসায় যুবলীগ, ছাত্রলীগ সন্ত্রাসীরা আইন-শৃঙ্খলা বাহিনীর সহায়তায় হামলা করেছে। তিনি বলেন, রবিবার দেশের বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট শফিক রেহমানের ইস্কাটনের বাসভবনে আওয়ামী যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীরা তাণ্ডব ও লুটপাট চালায়। তিনি বলেন, ‘গণহত্যা’র খবর দিগন্ত টিভি ও ইসলামিক টিভি প্রচার করায় তাদের সমপ্রচার নিষিদ্ধ করেছে সরকার। সাংবাদিক সম্মেলনে সাদেক হোসেন খোকা শাহবাগ মঞ্চের বিষয়ে সরকারের কড়া সমালোচনা করে বলেন, খবরে দেখেছি- শাহবাগের মঞ্চ ভেঙে ফেলা হয়েছে। মঞ্চ ভাঙার জন্য আমরা তিন মাস ধরে বলে আসছিলাম। এ মঞ্চ সংঘাত-হানাহানির জন্ম দিয়েছে। মঞ্চ ভাঙার মাধ্যমে প্রমাণ হলো আমরা এতোদিন যা বলছি-তা সঠিক ছিল। সাংবাদিক সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আরএ গণি, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলু, মিজানুর রহমান মিনু, বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, ন্যাশনাল পিপলস পার্টির সভাপতি শেখ শওকত হোসেন নিলু, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, লেবার পার্টির সভাপতি ডা. মুস্তাফিজুর রহমান ইরান, ন্যাপের সভাপতি জেবেল রহমান গানি প্রমুখ উপস্থিত ছিলেন।