বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভাঙচুর

আপডেট : ০৬ মে ২০১৩, ২৩:০৭
হেফাজতে ইসলামের কর্মীরা গত রবিবার বিকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠে গেট ভেঙে ভেতরে প্রবেশ করে ভাঙচুর করে। মশালের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ভাঙতে না পেরে তারা মাঠে তান্ডব চালায়। দুই পাশের গোলপোস্টের জাল ছিড়ে ফেলে, সাইড লাইনে রাখা খেলোয়াড়দের বেঞ্চ ভাঙচুর করে। উত্তর প্রান্তে মশাল সংলগ্ন অ্যাথলেটিক ট্র্যাকে অগ্নি সংযোগ করে। মাঠের চারপাশের বিলবোর্ড উপড়ে ফেলে। তিন তলায় সাংবাদিকের বসার স্থান প্রেসবক্সে প্রবেশ করে ভেতরে রাখা চেয়ার তুলে কাঁচের দেয়ালে ছুঁড়ে মারলে গ্লাস ভেঙে নিচে পড়ে চেয়ার। লাঠিসোঁটা নিয়ে দরজা জানালাসহ প্রত্যেকটা কাঁচের গ্লাস ভেঙ্গে চুরমার করে দেয় হেফাজতে ইসলামের কর্মীরা। প্রেসিডেন্ট বক্স ভাঙতে গিয়ে ঢুকতে না পেরে সিনিয়র ডিভিশন ফুটবল লীগ কমিটির অফিস ভাঙতে গিয়েছিল উচ্ছৃংখল কর্মীরা। গতকাল স্টেডিয়াম পরিদর্শন করেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, ক্রীড়া সচিব নূর মোহাম্মদসহ অন্য কর্মকর্তারা। ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে উচ্ছৃংখল কর্মী বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের গেট ভেঙ্গে ভিতরে প্রবেশ করে স্টেডিয়ামের অ্যাথলেটিক স্টোর রুম, প্রেসবক্স, ৫০টি মোবাইল চেয়ার, মশাল গেট সংলগ্ন নিম্ন গ্যালারীর ৫০টি চেয়ার, খেলোয়াড়দের সিটিং শেড, ভিআইপি ও প্লেয়ার ড্রেসিং রুম, অ্যাথলেটিক্স টাইমিং হাউজ, স্টেডিয়ামের লাইটিং এন্ড সাউন্ড সিষ্টেম ও সিনথেটিক লেন ভাংচুর ও অগ্নি সংযোগ করে ব্যাপক ক্ষতি সাধন করে। এছাড়াও, তারা এনএসসি টাওয়ারের মেইন গেটের সাটার, গার্ডরুম ও টাওয়ারের সামনে রক্ষিত একটি কার ও দুটি মোটর সাইকেলে অগ্নিসংযোগ ও পল্টন মাঠের সিকিউরিটি রুম ভাংচুরসহ স্টেডিয়ামের চারপার্শ্বের গার্ড ওয়াল ভেঙে ফেলে। অগ্নি সংযোগ করা হয়েছে বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর বায়েজিদ জোবায়ের নিপুর গাড়ি। ক্রীড়া প্রতিমন্ত্রী স্টেডিয়াম পরিদর্শন করে সাংবাদিকদের জানিয়েছেন তিনি আইনী ব্যবস্থা নেবেন।