দিগন্ত টিভির সমপ্রচার চালুর দাবি সাংবাদিক নেতাদের

আপডেট : ০৬ মে ২০১৩, ২৩:০৮
অবিলম্বে দিগন্ত টেলিভিশনের সমপ্রচার চালুর অনুমতি দিতে সরকারের প্রতি দাবি জানিয়েছেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতারা। গতকাল এক সমাবেশে বলেন, অবিলম্বে দিগন্ত টিভি ও ইসলামী টিভির সমপ্রচার চালু এবং আমার দেশ পত্রিকার প্রেস খুলে দিন। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের উদ্যোগে ‘অবিলম্বে দিগন্ত টেলিভিশনের সমপ্রচার চালুর দাবীতে’ এই সমাবেশে সংগঠনের সভাপতি রুহুল আমিন গাজী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ বক্তব্য রাখেন। মিডিয়া বন্ধের প্রতিবাদে আজ মঙ্গলবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ হবে। এরশাদের প্রতিবাদ দিগন্ত ও ইসলামিক টেলিভিশন বন্ধ করা এবং পেশাগত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এর প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। গতকাল সোমবার এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান। বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন সরকার এ বিষয়টি বিবেচনায় রেখে দিগন্ত ও ইসলামিক টেলিভিশনকে পুনরায় সম্প্রচারের সুযোগ দেবে। বিবৃতিতে তিনি বলেন, এ দুটি টিভি চ্যানেল আইনপরিপন্থী কোনো কাজ করে থাকলে সে ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেতে পারে।