ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন প্রশ্নে জারি করা রুলের ওপর চূড়ান্ত শুনানি হাইকোর্টে শেষ হয়েছে। শুনানিশেষে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের ডিভিশন বেঞ্চ আগামী ৮ মে রায় ঘোষণার দিন ধার্য করেছেন।
২০১২ সালের ৯ এপ্রিল ঘোষিত তফসিল অনুসারে ওই বছরের ২৪ মে ডিসিসি নির্বাচন হওয়ার কথা ছিল। স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইনের কয়েকটি ধারা বাস্তবায়ন না করায় ওই নির্বাচন বন্ধ রাখার দাবি জানিয়ে হিউম্যান রাইট্স অ্যান্ড পিস্ ফর বাংলাদেশের পক্ষে হাইকোর্টে রিট করা হয়। শুনানিশেষে ওই বছর ১৬ এপ্রিল হাইকোর্ট ডিসিসি নির্বাচনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করে। এছাড়া রুল জারির পাশাপাশি ভোটের তিন মাস আগে ভোটার তালিকা হালনাগাদ করতেও নির্দেশ দেয়া হয়। রুলে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন-২০০৯ অনুসারে করপোরেশনকে ওয়ার্ডে বিভক্ত করা ও ওয়ার্ডের সীমানা নির্ধারণসহ সংশ্লিষ্ট কয়েকটি ধারা বাস্তবায়ন করে কেন নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়। আদালতে আবেদনকারীর পক্ষে অ্যাডভোকেট মনজিল মোরসেদ, নির্বাচন কমিশনের পক্ষে ড. শাহদীন মালিক ও সরকার পক্ষে ডেপুটি এটর্নি জেনারেল অ্যাডভোকেট মোখলেছুর রহমান শুনানি করেন।
