জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

দেশের সৃজনশীল সাংস্কৃতিক বলয়

আপডেট : ০৭ মে ২০১৩, ১৯:২৮
সুন্দর বনের কোন অংশ নয়। তবুও বৃক্ষে ঢাকা পাখি ডাকা কুঞ্জন। বন ঘেঁষে বয়ে চলেছে আঁঁকাবাঁকা জলাশয়। পাহাড়ের টিলার মাঝে উঁচুনিচু রাস্তা, লাল মৃত্তিকার বন্ধুর ভূমি। এটি কোন শহরের গল্প নয়, কোন পার্বত্য অঞ্চলও নয়। বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্যের নান্দনিক এসব দৃশ্য ধারণ করে আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। মুক্ত বুদ্ধি ও মুক্ত সংস্কৃতি চর্চার চারণক্ষেত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেশের সাংস্কৃতিক রাজধানী নামে পরিচিত। বিনোদনের বিভিন্ন মাধ্যমের কারণে প্রকৃতিক সৌন্দর্যের লীলাভূমি এ বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি একেবারেই আলাদা। বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে মুক্ত প্রাণের সন্ধানে বিভিন্নভাবে এখানে সংস্কৃতি চর্চা চলতে থাকে। গড়ে ওঠে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক সংগঠন। ক্যাম্পাসে ১০০টির বেশি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন রয়েছে। বিভিন্ন সময় নাটক, কবিতা পাঠের আসর, সংগীতানুষ্ঠান, বির্তক, সেমিনার ও বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করে এই সব সংগঠন ক্যাম্পাসবাসীর চিত্তে প্রশান্তি আনতে অনন্য ভূমিকা পালন করে। বিশ্ববিদ্যালয়ে আশির দশকের শুরু থেকে বিভিন্ন থিয়েটার ও সাংস্কৃতিক সংগঠন তাদের কার্যক্রম চালিয়ে আসছে। সৃজনশীল সাংস্কৃতিক বলয় সৃষ্টি করতে এসব সংগঠন বিশেষ অবদান রেখে চলেছে। প্রাথমিক অবস্থায় জাহাঙ্গীরনগর থিয়েটার, ধু্রপদ, শতদল, সাংস্কৃতিক চক্র, সাংস্কৃতিক সংসদ, উচ্চারণ, উত্তরায়ন নামক সংগঠনগুলো সাংস্কৃতিক কর্মকান্ড পরিচালনা করে। এ ক্যাম্পাসের সাংস্কৃতিক কর্মকান্ড টিএসসিকে কেন্দ্র করে আবর্তিত হলেও বিভিন্ন সময়ে বিভাগগুলোও নিজের মতো করে সাংস্কৃতিক চর্চা করে। জাহাঙ্গীরনগর বিশ্বিদ্যালয়ের চলমান কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের পরিচয় তুলে ধরা হল— জাহাঙ্গীরনগর থিয়েটার: দেশের মানুষের সামপ্রদায়িকতা ও নিপীড়নবিরোধী চেতনায় উদ্বুদ্ধ করতে এই সংগঠনটি ১৯৮০ সালে গঠিত হয়। এ সংগঠনের মঞ্চায়িত নাটকের মধ্যে শকুন্তলা, প্রেমপুরাণ, সয়ফুলমুলক, সংবাদ কার্টুন, ক্রীতদাস ও নিউটনের তৃতীয়সূত্র বিশেষভাবে উল্লেখযোগ্য। ধ্বনি: সংগঠনটির পথচলা শুরু হয় ১৯৯৬ সালে। গণমুখী শিক্ষা চেতনায় বিশ্বাস, আবৃত্তি, বাক উত্কর্ষতা ও শুদ্ধ উচ্চারণ চর্চার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ধ্বনি সংগঠনটি। সংগঠনটি বিভিন্ন সময় আবৃত্তি উত্সব, কবিতা উত্সব, আলোচনা সভা ও বাক উত্কর্ষতা বিষয়ক কর্মশালার আয়োজন করে। আনন্দন: সুস্থ সমাজ ও বিকশিত মেধা নিয়ে লড়াই করার দৃঢ় প্রত্যয় নিয়ে সাংস্কৃতিক সংগঠন আনন্দন প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। ক্যাম্পাসের বিভিন্ন দিবস উপলক্ষে এ সংগঠনটি আয়োজন করে বিভিন্ন ধরনের অনুষ্ঠানমালা। আবৃত্তি চর্চা, গণসংগীত প্রশিক্ষণ, রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী এসব সাংস্কৃতিক কর্মকান্ড চালিয়ে আসছে সংগঠনটি। জলসিঁড়ি: বাবুই পাখির মতো সৃষ্টিশীল হওয়ার বাসনা নিয়ে সাংস্কৃতিক সংগঠন জলসিঁড়ি আত্মপ্রকাশ করে ২০০২ সালে। সংগঠনটি বিভিন্ন সময় ছবি আকা, ধু্রপদী সংগীত সন্ধ্যা, গান, কবিতাসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করে আসছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষা ও ক্যাম্পাসে অতিথি পাখিদের রক্ষণাবেক্ষণের আত্মপ্রত্যয় নিয়ে কাজ করে যাচ্ছে নেচার স্টাডি এন্ড কনজারভেশন ক্লাব। এছাড়া আরো রয়েছে বেশকিছু সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। রোটারেক্ট ক্লাব অব জাহাঙ্গীরনগর, জাহাঙ্গীরনগর সায়েন্স ক্লাব, লিও ক্লাব অব জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি, জাহাঙ্গীরনগর স্টুডেন্টস ফিল্ম সোসাইটি, জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি কম্পিউটার এসোসিয়েশন, ইয়ুথ এন্ডিং হাঙ্গার জাহাঙ্গীরনগর শাখা, সাংস্কৃতিক পরিষদ, জাসাস, জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি ডিবেটিং সোসাইটি, চারণ সাংস্কৃতিক কেন্দ্র, উত্তরণ, বাধন, জাহাঙ্গীরনগর ইউনির্ভাসিটি এডুকেশন ক্লাব, জাহাঙ্গীনগর এ্যাডভেঞ্চার ক্লাব প্রতিবন্ধী সংগঠন পিডিএফসহ আরো অনেক সংগঠন। দেশের সাংস্কৃতিক রাজধানী নামে খ্যাত এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে সংস্কৃতি চর্চার উপযুক্ত পরিবেশ। এখানে রয়েছে ৭০০ আসন বিশিষ্ট সর্ববৃহত্ অডিটোরিয়াম ও মুক্ত অনুষ্ঠানের জন্য রয়েছে সেলিম আলদিন মুক্তমঞ্চ। এছাড়া প্রাকৃতিক পরিবেশে উন্মুক্ত চিন্তাধারা নিয়ে সাংস্কৃতিক সংগঠনগুলো প্রতি বছরই বিভিন্ন সময়ে পৃথকভাবে আয়োজন করে বিভিন্ন নাট্যোত্সব ও সাংস্কৃতিক অনুষ্ঠান।