সুবর্না সিদ্দিক বর্না। চার বছর বয়সে মায়ের হাত ধরে উদীচীর সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ। এরপর যাতায়াতের সুবাদে উদীচীর জেলা সংগঠনের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবেই জড়িয়ে যাওয়া। নাচ আর গানে জন্মস্থান টাঙ্গাইলের স্টেজ মাতিয়ে রাখতো মেয়েটি। পড়ালেখা সূত্রে পদার্পণ ঘটে দেশের সাংস্কৃতিক রাজধানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ফার্মেসিতে ভর্তি হন। বিজ্ঞান বিভাগের কঠিন সাবজেক্ট হলেও সেটা অভিনয় থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারেনি। নাম লেখান জাহাঙ্গীরনগর থিয়েটারে। এরপর পড়ালেখা আর থিয়েটার নিয়ে বর্নার ব্যস্ততার শুরু। প্রথম বর্ষে পড়াকালে জাহাঙ্গীরনগর থিয়েটারের ‘রায়ের বাজার’ নাটকের মাধ্যমে মঞ্চাভিনয়ে পা রাখেন তিনি। ‘জল তরঙ্গ’ নাটকের মাধ্যমে বর্নার পথচলা আরো দৃঢ় হয়। ঢাকায় বটতলা থিয়েটারে কাজ শুরু করেন বর্না। বটতলার মঞ্চস্থ করা ধামাইলে অভিনয় করেন। এরপর ‘খনা’ নাটকের কংকনা চরিত্রে অভিনয় ব্যাপক প্রশংসা পায়। এরই মধ্যে বৃটিশ কাউন্সিলের একটা বিজ্ঞাপনে কাজ করা হয় তার। ২০১০ সাল থেকে বিটিভির তালিকাভুক্ত তিনি।
এনটিভির একটি মিউজিক ভিডিওতে কাজ করার সময় পরিচালক আব্দুল্লাহ রানার নজরে পড়েন। তার পরিচালনায় বর্না প্রথমবার একক নাটকে অভিনয় করেন। ‘বিরহি আত্মা’ নামের ওই নাটকে বর্না কাজ করেন তানিয়া ও আহমেদ রুবেলের সঙ্গে। এছাড়া দীপঙ্কর দীপনের পরিচালনায় এক ঘণ্টার টেলিভিশন নাটক ‘আজব টিভি’তে রিপোর্টারের ভূমিকায় দেখা যায় তাকে। ধারাবাহিক নাটক ‘নাগরিক’ ছাড়াও একুশে টেলিভিশনের জন্য নির্মিত ‘মানিকগঞ্জের বড়মিয়া’তে অভিনয় করেছেন। এখানে যাত্রাপালার নায়িকার ভূমিকায় দেখা যাবে তাকে। এছাড়া ভালোবাসা দিবস উপলক্ষে সাদেক সিদ্দিকী নির্মিত ‘মনের কথা’তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বর্না সিদ্দিক। এশিয়ান টিভিতে প্রচার হচ্ছে ‘সেকেন্ড ইনিংস’। মঞ্চ নাটক পেরিয়ে টেলিভিশন নাটক। এছাড়া মডেলিং ও বিজ্ঞাপনেও সরব পদচারণা রয়েছে তার। তবে সব ছাপিয়ে প্রত্যাশার মাত্রাটা আকাশ ছোঁয়া বর্নার মুক্তিযুদ্ধ ভিত্তিক সিনেমার কাজে। এটিএন বাংলার প্রযোজনায় মহান মুক্তিযুদ্ধ নিয়ে সিনেমা ‘হূদয়ে একাত্তর’-এ তার বীরাঙ্গনা চরিত্র এযাবত্ কালের সবচেয়ে সেরা কাজ বললেন তিনি। বর্না জানালেন, অভিনয়টা হয় নেশা থেকেই। কিছুটা কষ্টতো হয়েছেই পড়াশুনার সাথে অভিনয়ের কাজগুলো সমন্বয় করতে।
