ভীষণ ঝড়। কালবৈশাখী ঝড়।
প্রচণ্ড ঝড়ে লম্বা গাছপালা নুয়ে মাটিতে সেজদা দিচ্ছে। আকাশে প্রচণ্ড বিদ্যুত্ চমকাচ্ছে। বিদ্যুতের ঠমকে মুহূর্তের মধ্যে সব পরিষ্কার হয়ে যায়। টিনের চালের উপর বিপুল শব্দে একটা কিছু পড়েছে। ভয়ে অমল মাকে জড়িয়ে ধরে। বারান্দা থেকে বাবা দৌড়ে আসে—ভয় পাসনে অমল। মনে হয় নারকেল গাছ থেকে নারকেল পড়েছে টিনের চালে।
গোয়ালে গরুগুলো তারস্বরে চিত্কার করছে— হাম্বা... হাম্বা...। জানালার ফাঁক গলে বাইরে তাকিয়ে অমল অবাক- বাতাস এতো জোরে বয় কিভাবে? বাতাস এতো শক্তি কই পায়? বাড়ির সামনের বড় শিরিষ গাছটাকে আছড়ে ফেলে দিয়েছে শন শন শন বাতাস।
মা আর বাবা মিলে গেছে গোয়ালঘরে। অমল ঘরে একটা জানালায় চোখ রেখে বাইরে তাকিয়ে আছে। গাছের পাতারা বাতাসের তোড়ে ছটফট করছে। হঠাত্ মনে পড়লো- আমগাছের আমগুলোকে। সব আম কি পড়ে গেছে? পাশের বাড়ির বলাই কী কুড়িয়ে নেবে? অনেকক্ষণ পর কালবৈশাখী থামলে অমল চুপি চুপি ঘর ছেড়ে বাগানে যায়। বলাইয়ের আগে আমগুলো কুড়াতে হবে। বাগানের পূর্বদিকের আমগাছটার আম খুব মিষ্টি। লবণ ছাড়াই এই গাছটার কাঁচা আম খেতে দারুণ লাগে।
ওমা আমগাছের কাছে যেতে দেখে এক বুড়ো আম কুড়াচ্ছে। আম কুড়িয়ে কাঁধের ব্যাগে রাখছে। বুড়ো বেশ লম্বা। মাথার ঘন চুল একটু একটু সাদা। বৃষ্টিতে ভিজে গেছে বুড়োর গোটা শরীর। কিন্তু সেদিকে দৃষ্টি নেই বুড়োর। একমনে আম কুড়াচ্ছে আর ব্যাগে ভরছে। রাগে অমলের শরীর জ্বলছে। বুড়ো এলোই কেমন করে? বুড়োর কী ভয়-ডর নেই? এই বাগানের পাহারাদার হরিনারায়ণ যদি দেখে বুড়োকে, কী যে করবে!
এই! তুমি কে? অমল একটু কাছে এসে ধমক দেয়।
কী আশ্চর্য! বুড়ো একবার তাকিয়ে একটু হেসে আবার আম কুড়াতে কুড়াতে ওকে ডাকে ইশারায়। অমল কাছে গেলে বুড়ো হাসতে হাসতে বলে, দাঁড়িয়ে কেনো? আম কুড়াও।
তার আগে বলো তুমি কে? তুমি কেনো বাগানের আম কুড়াচ্ছো? আর তুমি এলেই বা কোত্থেকে? তোমাকে যদি জমিদার বাড়ির পাহারাদার হরিনারায়ণ দেখে, তখন বুঝবে আম কুড়ানোর মজা হ্যাঁ বলো- তুমি কে?
আমি? বুড়োর মুখে মিটি মিটি হাসি।
হ্যাঁ হ্যাঁ তুমি কে? রাগ বাড়ছে অমলের। বুড়ো ওকে মোটেই পাত্তা দিচ্ছে না।
তার আগে বলো তুমি কে? কী অবাক কাণ্ড, বুড়ো উল্টো প্রশ্ন করছে। আরে, এই তল্লাটের কে না চেনে অমলকে। রবীন্দ্রনাথ ঠাকুর যাকে ডাকঘর নাটকে বিখ্যাত করে রেখেছেন। এই বুড়োর দেখি লেখাপড়ার বালাই নাই। কোত্থেকে আসছে কে জানে!
বললে না তুমি কে? বুড়ো আবার প্রশ্ন করে।
আমি অমল।
কোন অমল?
তুমি কোন অমলকে চেনো?
আমি অনেক অমলকে চিনি। নন্দিপাড়ার অমল, ঘোষ পাড়ার অমল, কুমোর পাড়ার অমল, শেখ বাড়ির অমল। পাশের গ্রামেও আছে কয়েকজন অমল।
আমি সেই অমলদের কেউ না।
তাহলে তুমি কোন অমল?
আমি রবীন্দ্রনাথের ডাকঘরের অমল।
রবীন্দ্রনাথ! বুড়োর চোখে-মুখে উচ্ছ্বাস- কোন রবীন্দ্রনাথ?
তুমি কোন রবীন্দ্রনাথকে চেনো? মনে মনে বিরক্ত হচ্ছে অমল। বুড়োর জন্য আম কুড়াতে পারছে না। কালবৈশাখী ঝড় প্রায় থেমেছে। যদিও হালকা বাতাস বইছে। যে কোনো সময়ে চলে আসতে পারে বলাই। বলাই আসলে ও ঝড়ের মতো সব আম কুড়িয়ে নেবে। একটা আমও থাকবে না। বলাইয়ের সঙ্গে শক্তিতে পারে না। বলাইয়ের তাগড়া শরীর। ছোটে ষাঁড়ের মতো। হাঁটে কালাপাহাড়ের মতো। আর দেখো বুড়ো এখনও কথা বলছে। আম কী কুড়াতে পারবে? ওদিকে গোয়ালঘর থেকে মা ঘরে এলে ওকে না দেখলে ডেকে ডেকে পাগল হয়ে যাবে। এতোসব ঝামেলা কী বুঝবে বুড়ো? ওমা ঝোলার ভেতর থেকে পানের বাটা বের করেছে।
খাবে নাকি একখান পান? বুড়ো পাশেই পাকা বেঞ্চে বসে। মনে হচ্ছে এই বাগানবাড়ি তাঁর অনেক চেনা। পায়ের উপর পা তুলে আয়েশ করে পান বানিয়ে মুখে দিয়ে চিবুতে শুরু করে।
না, আমি পান খাই না। কিন্তু তুমিতো আমার প্রশ্নের উত্তর দিলে না।
কী প্রশ্ন তোমার?
তুমি কোন রবীন্দ্রনাথকে চেনো?
আমি এক রবীন্দ্রনাথকে চিনি, কথা বলতে বলতে বুড়ো পানের পিক ফেলে- সেই রবীন্দ্রনাথ জন্মেছিল পঁচিশে বৈশাখ কলকাতার ঠাকুর পরিবারে বারোশত আটষট্টি বঙ্গাব্দে।
অমল অবাক হয়ে বুড়োর দিকে তাকায়, আমিওতো সেই রবীন্দ্রনাথের কথা বলছি।
তাই!
হ্যাঁ। অমল কথা বলতে বলতে পাশে বসে- জানো সেই রবীন্দ্রনাথ ঠাকুর অনেক গল্প-কবিতা লিখেছেন। এই আমাকে নিয়ে লিখেছেন চমত্কার এক নাটক- ডাকঘর।
আচ্ছা, তুমি সেই ডাকঘরের অমল?
তুমি আমাকে চেনো নাকি?
হাসতে হাসতে বুড়ো সেই আমগাছের নিচে ভেজা পাতার উপর এক পাক নেচে আবার বসে অমলের পাশে- আরে আমাকে চিনতে পারছো না অমল? আমি দই নিয়ে যেতাম আর তুমি বারান্দায় দাঁড়িয়ে দইঅলা, ও দইঅলা বলে ডাকতে আমাকে, মনে নেই?
দূর! তোমাকে দইঅলার মতো মনেই হয় না। তোমাকে বরং রবীন্দ্রনাথের মতোই লাগে। সেই লম্বা, মাথা উঁচু, ঘন ভ্রূ, চওড়া কপাল, কাঁধের উপর ছড়ানো চুল, মাঝখানে সিঁথি, বিরাট আলখেল্লা তোমার গায়ে, তুমি আসলে রবীন্দ্রনাথ।
হাত বাড়ায় রবীন্দ্রনাথ-তুমি কী করে বুঝলে?
বুঝবো না কেনো? তুমি হলে মহান এক শিল্পী। তোমাকে এদেশের মাটি, জলবায়ু, গাছপালা, পাখি, নদী, আকাশ সবাই চেনে। তুমি না লিখেছো- আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি...। তোমার মতো কেউ কী লিখেছে এমন? কিন্তু তুমি আমাকে বড় করোনি কেনো ডাকঘরে? অসুস্থ বানিয়ে একটা ঘরে রেখে দিলে কেনো? এতোদিন ঘরে থাকতে আমার কষ্ট হয় না?
রবীন্দ্রনাথ হাত রাখেন অমলের কাঁধে- আমিতো আসলে একজন অমলের মাঝে হাজারো অমলকে আঁকতে চেয়েছি। এই দেশে কতো অমল আছে স্বপ্ন দেখে, যারা বড় হতে চায়, যারা ছোট্ট ঘর ভেঙ্গে ঘরের বাইরে আসতে চায়, যারা ভর-দুপুরের রোদের ছায়ায় বসে দইঅলার সঙ্গে গল্প করতে চায়, যারা ঝড়ের দিনে আম কুড়াতে চায়, যারা বাদলা দিনে কেয়া পাতার নৌকা ভাসাতে চায়, যারা দস্যিদের কবল থেকে তাদের মাকে বাঁচাতে তরবারি হাতে লড়াই করতে চায়, যারা বৈশাখ মাসে নদীর হাঁটুজল পার হয়ে যায়, যারা আঁচলে ছাঁকিয়া ছোট মাছ ধরে... তুমিতো সেই চিরকালের অমল। তোমার মাঝে বেঁচে আছে অনেক অনেক অমল।
অমল হাসে, আমার মাঝে অনেক অনেক অমল বেঁচে থাকবে, ভাবতেই এখন আমার খুব ভালো লাগছে। জানো, তোমার উপর আমার খুব রাগ ছিল।
এখনও আছে?
না, একদম নেই। আচ্ছা-
কী?
তুমি এই শাহজাদপুরে এতোদিন পরে এলে কিভাবে?
কেনো? আমার বোটে পদ্মা পার হয়ে এলাম। কিন্তু দুঃখ কি জানো অমল, পদ্মার সেই স্রোত নেই। সেই ভয় ধরানো উথাল-পাথাল ঢেউ নেই। পদ্মা মরে গেছে।
বুড়ো তুমি কিচ্ছু জানো না, অমল মাথা ঝাঁকায়- পদ্মাকে মেরে ফেলেছে মানুষ।
মানুষ এমন কেনো?
উদাস তাকায় অমল, মানুষ আসলে এমনই।
থাক, মানুষ নিয়ে কথা কয়ে আর আমাদের কাজ নেই। আজ যখন দু’জনে আম খাওয়া উপলক্ষে দু’জনের দেখা হলো, তখন এসো আম খাই।
কাঁচা আম খেতে পারবে?
খুব পারবো। তুমি তোমার ছুরিটা বের করো। আম কাটি। জানোতো এই আমগাছটার আম খুব মিঠা। আমের দিনে আমি বারান্দায় বসে লিখতাম। আর চেয়ে চেয়ে দেখতাম আমগাছের পাকা সিঁদুর রঙ আম। পাকা আমগাছের নিচে পড়লে আমাকে ফালি ফালি করে হরিনারায়ণ কেটে দিতো। কি যে মিষ্টি আর মধুর ছিলো সেই পাকা আম, তোমাকে বোঝাতে পারবো না।
অমল কোঁচড় থেকে আম খাওয়ার ছুরিটা কেবল বের করে- তুমি পারবে না আম কাটতে। আমাকে দাও, আমি কাটি।
আরে না, আমি যখন অমল ছিলাম তখন কতো আম কেটেছি আর খেয়েছি!
রবীন্দ্রনাথ ছুরি দিয়ে আম কাটতে লাগলেন। পাশে বসে কৌতুকভরা চোখে দেখছে অমল।
কী, আম কাটতে পারছি?
রবীন্দ্রনাথের কথায় মাথা ঝাঁকায় অমল- আসলে অমলেরা কিছুই ভোলে না।
হেসে ওঠেন রবীন্দ্রনাথ, তুমি ঠিকই বলেছো।
রবীন্দ্রনাথ আম কাটতে থাকেন। অমল কলাপাতা ছিঁড়ে আনে। রবীন্দ্রনাথ কাটা আম কলার পাতার উপর রাখেন। দু’জনে আম খেতে শুরু করে। কাঁচা আমের টকে রবীন্দ্রনাথের মুখ ভরে ওঠে। মুখ আর ঠোঁট বাঁকা করে রবীন্দ্রনাথ বলেন- অমল, যদি একটু লবণ হতো!
আমিও সেটা ভাবছিলাম।
ঠিক এই সময়ে হরিনারায়ণ ঢোকে বাগানে। হাতে তার বিশাল লাঠি—কে? আমতলার আম কে কে কুড়াচ্ছে? দাঁড়া, দেখাচ্ছি মজা। আজকে তোদের একদিন কী আমার একদিন।
বিরাট লাঠি হাতে হরিনারায়ণকে আসতে দেখে আম কুড়ানো বলাই, রতন, ফটিক, মাখন পড়িমরি ছুটে পালাচ্ছে। হরিনারায়ণ আমগাছের নিচে এসে হাঁপায়- জমিদার বাবুকে আমের হিসাব দিতে হবে না বুঝি? হতচ্ছাড়ারা সব আম নিয়ে গেলো। এখন আমি জমিদার বাবুকে কি বলবো?
পাশে বসে রবীন্দ্রনাথ আর অমল হাসে আর আম খায়।
