আমাদের ওই মেয়েটির আসল নাম ভবতারিণী। সবাই তাকে আদর করে ফেলি নামে ডাকে। ফেলি কিন্তু তাতে মোটেই রাগ করে না। ফেলি ফেলনা নয়। ফেলির কতইবা বয়স। সবেমাত্র কৈশোরে পা দিয়েছে। মাঝে-মধ্যে ইশকুলেও যায়। কিন্তু গ্রামে উচ্চশিক্ষার সুযোগ কই?
ফেলিদের বাড়ির সামনে আছে একটি পুকুর। পুকুরটির নামটিও ভারি সুন্দর- ‘তিতিয়া’। এই পুকুর পাড়ে ফেলি বন্ধুদের নিয়ে লুকোচুরি খেলে, প্রজাপতি ধরে। পুকুরের পশ্চিম পাড়ে রায় চৌধুরীদের প্রকাণ্ড বাড়ি। ফেলি কখনো-সখনো ওই বাড়িতে যায়। একদিন সকালবেলা। ফেলি দেখলো তাদের শান-বাঁধানো পুকুর ঘাটে একটি লম্বা ছিপছিপে ছেলে দাঁড়িয়ে আছে। পুকুরের স্বচ্ছ জল আর পদ্মফুলের ছায়া ওর চোখের তারায় যেন ভাসছে। ছেলেটি যে তাদের গ্রামের নয় ফেলি তা ভালো করেই জানে।
তারপর অনেকদিন কেটে গেছে। সবার আদরে ফেলি তাল-তমালে ছাওয়া গ্রাম ছেড়ে বাবার সংগে শহরে চলে গেলো। তার বাবা বেণীমাধব রায় চৌধুরী তখন থাকতেন কোলকাতা শহরে। সামান্য বেতনে সেখানে তিনি একটি পরিবারে চাকরি করতেন। সেকালে অবশ্য ওই পরিবারটির নামডাক ছিলো। ফেলি কোলকাতায় এসে চমকে গেলো। মস্ত বড়ো শহর। দেশি ও বিদেশি বাবুরা গাড়ি-ঘোড়া দাবড়ায়। ফেলি তার বাবার কর্তার বাড়িতে উঠলো। বাড়িটি দেখতে রাজপ্রাসাদের মত। বেশ ক’দিন কেটে যাবার পর ফেলির বিয়ের শাঁখ বেজে উঠলো। ওই বাড়িতেই তার বিয়ে হবে। গোছানো টোপর। প্রথমে সে বরকে চিনতে পারেনি। পরে দেখলো তাদের তিতিয়া পুকুরঘাটে দাঁড়ানো সেই ছেলেটিই তার বর।
ফেলি আমাদের খুলনার মেয়ে। ফুলতলা উপজেলার দক্ষিণডিহি গ্রামে তাদের বাড়ি। ফেলিরা ছিলো দুই ভাইবোন। ভাইয়ের নাম নগেন্দ্রনাথ রায় চৌধুরী। ফেলির বিয়ে হয়ে যাবার পর তার বাবা বেণীমাধব রায় চৌধুরী দক্ষিণডিহি গ্রামে একটি দ্বিতল বাড়ি নির্মাণ করেন এবং প্রচুর জোত-জমি ক্রয় করে জমিদার বনে যান। ফেলির দাদা নগেন্দ্রনাথ দীর্ঘদিন ঐ গ্রামে বসবাস করেছেন। ১৯৩৯/৪০ সালের দিকে তাঁরা জমিদারীর সকল জমি গ্রামের অন্য জমিদার বিনয়কৃষ্ণের কাছে বন্দোবস্ত দিয়ে একেবারে কোলকাতা শহরে চলে যান। আমাদের ফেলি কিন্তু আগেই শ্বশুরবাড়ি উঠে গিয়েছিলেন। বিয়ের পর পিতৃভূমিতে কমই এসেছেন। ফেলির বিয়ে হয়ে যাবার পর তার বরের দাদা দ্বিজেন্দ্রনাথ ফেলি নাম পালটে রাখেন মৃণালিনী, যার অর্থ পদ্ম এবং দেখতে খুব সুন্দর। ফুলতলার দক্ষিণডিহি গ্রামে মৃণালিনীদের সেই দ্বিতল বাড়িটির বয়স একশো বছরের বেশি হলেও এখনো টিকে আছে। ১৯৬৫ সালের পর ’৯৪ সাল পর্যন্ত বাড়িটি দখলে ছিলো না। যারা বেদখল করেছিলো, তারা কেউই বাড়িটির সংস্কার করেনি। আমাদের ফেলি ওরফে ভবতারিণীর কাছে এ বাড়িটির স্মৃতি বড়ো মধুময়। বাঁদিকে ছিলো মন্দির। এখন তা নেই। এই মন্দিরে ফেলি কৈশোরে ফুল দিতো এবং প্রণাম জানিয়ে কোলকাতাবাসী বাবার কল্যাণ কামনা করতো।
খুলনার ফেলি অথবা ভবতারিণী কিংবা মৃণালিনীর স্বামীর নাম শ্রীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর। মৃণালিনী ১৮৭৩ সালে দক্ষিণডিহি গ্রামে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন ১৯০২ সালে মাত্র ২৯ বছর বয়সে। শান্তিনিকেতনের আশ্রমের ছেলেদের তিনি খুব ভালোবাসতেন। তাদের খাওয়া-দাওয়া প্রায়ই তিনি নিজে দেখতেন। গায়ের সব গয়নাপত্তর খুলে দিয়েছিলেন এই বিদ্যায়তনের জন্য। তিনি ভাল রান্নাও জানতেন। তার দুই ছেলে- শমীন্দ্রনাথ ও রথীন্দ্রনাথ এবং তিন মেয়ে-মাধুরী, রেণুকা ও মীরা।
