আমার কথা

আপডেট : ০৭ মে ২০১৩, ১৯:৩৬
আমার জন্ম মামাবাড়ি নেত্রকোনা শহরে ১৯৪৯ সালের ২০ ফেব্রুয়ারি। কিন্তু একেবারে শৈশব কেটেছে আমাদের আদিবাড়ি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার তেওতা গ্রামে। বাড়ির পাশেই ছিল বিশাল ধানক্ষেত, ধানক্ষেতের পরেই প্রমত্তা যমুনা। প্রতিদিন স্টিমার ভেঁপু বাজিয়ে কাঠের চাকার ঘূর্ণন তুলে কোথায় যে চলে যেতো, নদীর পাড়ে দাঁড়িয়ে পলকহীন চোখে নিমগ্ন হয়ে তা তাকিয়ে তাকিয়ে দেখতে কী যে ভাললাগতো আমার! এরপর বাবার চাকরির সূত্রে মাদারীপুর শহরে চলে যাই। সেখানে ফ্রি প্রাইমারি স্কুলে ভর্তি হই। পড়াশোনা আর খেলাধুলা নিয়েই পুরো শৈশব এবং কৈশোরের দিনগুলো কেটে যায়। শহরের পাশেই আড়িয়াল খাঁ নদী ছিল বলে প্রায়ই একা একা কিংবা দল বেঁধে নদীর পাড়ে চলে যেতাম। নদী আমার খুব প্রিয়। আমার ছাত্রজীবনের শুরু মাদারীপুর শহরের সরকারি ফ্রি প্রাইমারি স্কুলে ভর্তির মধ্য দিয়ে। সেখানে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করে ভর্তি হই মাদারীপুর ইউনাইটেড ইসলামিয়া হাই স্কুলে ষষ্ঠ শ্রেণিতে। ছাত্রজীবনে আমি খুবই লাজুক প্রকৃতির ছিলাম। আমার বন্ধুর সংখ্যাও ছিল তাই খুবই কম। একটু বড় ক্লাশে ওঠার পর কয়েকজন বেশ ভালো বন্ধু হয়ে ওঠে। তাদের সঙ্গে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দাড়িয়াবান্দা প্রভৃতি খেলায় বিকেলের সময়গুলো কেটে যেত। তখন থেকেই একটু-আধটু লেখালেখির চেষ্টা চলতে থাকে। ছেলেবেলায় কোনও আদর্শ চরিত্রের বিশেষ একজন মানুষ আমার মনের মধ্যে তেমন করে আসন তৈরি করতে পারেননি। তবে সাহিত্য-সংস্কৃতির প্রতি একটু বিশেষ ঝোঁক ছিল বলে কখনও কখনও রবীন্দ্রনাথ মনের মধ্যে সাড়া জাগাতে সক্ষম হয়েছিলেন। মাঝেমধ্যে বিবেকানন্দ, পরমহংসদেব আমাকে অনুপ্রাণিত করতেন। আবার নিজের বাবাও আমার কাছে সততা ও আদর্শ চরিত্রের প্রতীক হয়ে ধরা দিতেন। সময় পেলেই বাবা বই নিয়ে পড়তে বসতেন। নিজে দর্শনের অধ্যাপক ছিলেন, কিন্তু ওইটুকু ছোট্ট বয়সে দর্শন বোঝার ক্ষমতা না থাকলেও নিজের মনের মধ্যে বড় কিছু হবার একটা স্বপ্ন দেখার সুযোগ বাবার জীবন থেকেই পেয়েছিলাম। তাই হয়তো লেখালেখির জগতেই নিজেকে সমর্পণ করেছিলাম। ১৯৬৪ সালে প্রথম আমার লেখার হাতে খড়ি। রবীন্দ্রনাথের ‘বসন্ত’ কবিতার অনুকরণে একটি কবিতা লিখেছিলাম। কিন্তু যেহেতু কবিতাটি ছিল প্রায় রবীন্দ্রনাথের কবিতার মত, তাই ওটিকে কেউ আমার কবিতা হিসেবে গ্রহণ করতে রাজি হননি। তবে আমি হতাশ না হয়ে লেখায় লেখায় নিজের খাতা ভরিয়ে তুলতে থাকি। ছোটদের গল্প ও কবিতা। ১৯৬৫ সালে প্রথম ’ভুলিতে পারিনি আজও’ নামে ঢাকার পত্রিকার ঈদসংখ্যায় আমার একটি গল্প ছাপা হয়। এরপর আর আমাকে থেমে থাকতে হয়নি। আমি ঢাকার পত্রিকার ছোটদের পাতার নিয়মিত লেখক হয়ে উঠি। এসএসসি পাশ করার পর আমাদের শহরে যে পাবলিক লাইব্রেরি ছিল, তার প্রায় উল্লেখযোগ্য সকল বইই আমি পড়ে ফেলেছিলাম। ওই সময় কোলকাতা থেকে আমাদের বাড়িতে নানা ধরনের ছোটদের পত্রিকা আসত, আমি সেগুলো গ্রোগ্রাসে পড়তাম। ’সন্দেশ’ পত্রিকাটি আমার খুব প্রিয় ছিল। ‘ঠাকুমার ঝুলি’ তো তখন প্রায় অবশ্যপাঠ্য ছিল। তো এ সব পড়তে পড়তেই আমার শৈশব ও কৈশোরের দিনগুলো অতিবাহিত হয়েছে। আগেই বলেছি, কোনও একক ব্যক্তিত্ব তেমন করে আমার ওপর প্রভাব ফেলেননি। আসলে শৈশব-কৈশোরে অন্য কারও কারও প্রভাব নানাভাবে একটি শিশু বা কিশোরের মনে দাগ কাটে খুবই সাময়িকভাবে। হঠাত্ করে ঘটে যাওয়া কোনও ঘটনা, সেই ঘটনার প্রধান চরিত্র বারবার মনের ভেতর নাড়া দিতে থাকে। পরবর্তী একটি ঘটনা আর একটি চরিত্রের পূর্বের চেহারাটা মুহূর্তেই ভুলিয়ে দিয়ে নতুন একটি মানুষের চরিত্রকে প্রধান করে তোলে। আমার ক্ষেত্রেও সেরকমটিই ঘটেছে। তবে আমার আপন ছোট কাকু আমার কাছে ছোটবেলায় খুব বড় আদর্শ হয়ে উঠেছিলেন, যখন আমি শুনেছিলাম যে, তিনি বিশাল যমুনা নদী সাঁতরে পার হতে পারেন। তিনি ছিলেন আমার স্বপ্নের মানুষ। ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে বই পড়ার একটা রেওয়াজ গড়ে উঠেছিল। দুপুরের কাজকর্ম, খাওয়া-দাওয়া সেরে মেঝেতে শীতল পাটি পেতে বাবা পড়তেন দর্শনের বই, মা গল্পের, আর আমি কখনও গল্প, কখনও বা উপন্যাস পড়তাম। এককভাবে যেসব বই পড়েছি, তার মধ্যে ম্যাক্সিম গোর্কির ‘মা’ আমাকে প্রবলভাবে অনুপ্রাণিত করেছিল। আমাদের শৈশব-কৈশোর ছিল আনন্দে ভরপুর। প্রকৃতির উদার পরিবেশের মধ্য দিয়ে বড় হয়েছিলাম বলে আমাদের জীবন বেড়ে উঠেছে সহজ, সরল ও স্বাভাবিকতার মধ্য দিয়ে। আমাদের তুলনায় আজকের শিশুরা, বিশেষত শহরের শিশুরা বেড়ে উঠছে যান্ত্রিকতার মধ্য দিয়ে। স্কুলের যারা ছাত্রছাত্রী, তাদের ওপর বইয়ের পাহাড় চাপিয়ে দিয়ে তাদেরকে এখন রোবটে পরিণত করা হচ্ছে। আর অন্যদিকে পথশিশুরা বেড়ে উঠছে অনাহার, অপুষ্টি আর নানারকম অন্যায়-অত্যাচারের মধ্য দিয়ে। তাদের কোনও শিক্ষা নেই, অপুষ্টিতে ভুগে ভুগে এদের অনেকেরই জীবন অকালে ঝরে যায়। এগুলো আমাকে প্রবলভাবে পীড়া দেয়। এ ব্যাপারে সমাজ ও রাষ্ট্রকে অনেক বড় ভূমিকা পালন করতে হবে। তা না হলে ধ্বংস হয়ে যাবে আমাদের ভবিষ্যত্-সন্তানেরা। বড় হতে হলে এখন থেকে শিশুদের নিজেদেরই তৈরি হতে হবে। শুধু পড়ালেখার মধ্য দিয়ে নয়, পৃথিবীর প্রতিটি মানুষকে ভালবাসার মধ্য দিয়ে তা অর্জন করতে হবে। ভাল বই পাঠ করলে, মহত্ মানুষদের জীবনী পাঠ করলে, দেখা যাবে সকলের মন কত বড় হয়ে উঠেছে। তখন কেউ কাউকে ঘৃণা করছে না, কারও প্রতি হিংসা জাগছে না; মানুষের মন মানুষের প্রতি ভালবাসা ও মমতায় ভরে উঠছে। তা হলেই শিশুদের মনও প্রকৃত মানুষের মত বড় হয়ে উঠছে।