বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে ডিএপি সার রফতানিতে আগ্রহী সৌদি আরব

আপডেট : ০৭ মে ২০১৩, ২০:২০
বাংলাদেশে রাষ্ট্রীয় পর্যায়ে ডাই অ্যামোনিয়াম ফসফেট (ডিএপি) সারসহ নন-ইউরিয়া সার রফতানির প্রস্তাব করেছে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন। সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের উপ-প্রধান নির্বাহী ফাহাদ বিন সাদ আল শোয়াইবি’র নেতৃত্বে বাংলাদেশ সফররত প্রতিনিধিদল শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সাথে বৈঠককালে এ প্রস্তাব দেন। গতকাল মঙ্গলবার শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া প্রতিষ্ঠানটি চলতি বছর বাংলাদেশকে রাষ্ট্রীয় চুক্তির আওতায় ২ লাখ মেট্রিক টন ইউরিয়া সার সরবরাহ করবে। আগামী বছর থেকে বাংলাদেশে রফতানিকৃত এই ২ লাখ মেট্রিক ইউরিয়া সার ব্যাগিং করে দেয়ার উদ্যোগ নেয়া হবে। আর ভবিষ্যতে প্রয়োজনে এর পরিমাণ আরো বাড়ানো হবে। বাংলাদেশে কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, তৈরি পোশাক, জাহাজ নির্মাণ, ওষুধসহ উদীয়মান শিল্পখাতে বিনিয়োগে এগিয়ে আসতে প্রতিনিধিদলের দৃষ্টি আকর্ষণ করেন শিল্পমন্ত্রী। বৈঠকে শিল্প সচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ্, বিসিআইসি‘র চেয়ারম্যান মুনসুর আলী সিকদার, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ জয়নাল আবেদীন ভুঁইয়া, সৌদি বেসিক ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের ইউরিয়া উত্পাদন ইউনিটের মহাপরিচালক আবদুন নাসের বিন আহমেদ আল বাবতিন প্রমুখ উপস্থিত ছিলেন।