সিরিয়া সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরির সাথে আলোচনায় বসতে যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী মস্কোতে তাদের এ বৈঠক হওয়ার কথা রয়েছে। এদিকে সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহার করেছে বিরোধী গোষ্ঠী এমন অভিযোগ ওঠার পর সোমবার জাতিসংঘ তদন্তকারী কমিশন তা নাকচ করে দেয়। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী কেরি এমন একটি সময় রাশিয়া সফর করছেন যখন লেবাননের জঙ্গিদের অস্ত্র পাঠানোর অভিযোগে দেশটির দক্ষিণাঞ্চলে পর পর দুবার ইসরাইল বিমান হামলা চালালো। আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি হুমকি হিসাবে রাশিয়া এ হামলার নিন্দা জানিয়েছে। প্রেসিডেন্ট পুতিন এ নিয়ে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথেও কথা বলেছেন। তাছাড়া পররাষ্ট্রমন্ত্রী কেরির আগমনকে সামনে রেখে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সিরিয়ায় রাসায়নিক অস্ত্র ব্যবহারের ইস্যুর রাজনীতিকরণ বন্ধে পশ্চিমা বিশ্বকে আহ্বান জানায়। তিনি আরো জানান, সিরিয়ায় সম্ভাব্য সামরিক হস্তক্ষেপের জন্য বৈশ্বিক জনমত তৈরি হচ্ছে। তবে বিদ্রোহীরা রাসায়নিক গ্যাস ব্যবহার করেছে এমন প্রমাণের কথা জানা গেলেও যুক্তরাষ্ট্র তা প্রত্যাখ্যান করেছে। এর আগে আহত ব্যক্তি ও ডাক্তারদের কাছ থেকে সাক্ষ্য-প্রমাণের পর এখন সন্দেহ স্পষ্ট যে, বিদ্রোহী গোষ্ঠী সারিন গ্যাস ব্যবহার করেছে, সরকার নয়। তবে কোন অকাট্য প্রমাণ নেই। তদন্তকারী কর্মকর্তা কার্লা দেল পন্টি একথা জানান।
