চীনের সামরিক বাহিনীর বিরুদ্ধে সরাসরি সাইবার আক্রমণের অভিযোগ এনেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার প্রকাশিত পেন্টাগনের এক বার্ষিক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। এতে বলা হয়, চীনা সরকার ও তাদের সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের কম্পিউটার সিস্টেমকে টার্গেট করে অব্যাহতভাবে সাইবার আক্রমণ চালাচ্ছে, যা তাদের হীন উদ্দেশ্য চরিতার্থেরই বহিঃপ্রকাশ।—খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের।
পেন্টাগনের ওই প্রতিবেদনে এই প্রথমবারের মতো বেইজিং সরকার ও সামরিক বাহিনীর বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হলো। এতে বলা হয়, চীন এ ধরনের কর্মকান্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কূটনীতি, অর্থনীতি এবং সামরিক খাতের গুরুত্বপূর্ণ তথ্যাদি আয়ত্তে এনে সামরিক খাতকে সমৃদ্ধশালী করার চেষ্টা করছে। অবশ্য চীন হ্যাকিংয়ের এ অভিযোগকে সবসময়ই অস্বীকার করে আসছে। তাদের বক্তব্য, তারা উল্টো এ ধরনের সাইবার আক্রমণের শিকার। প্রতিবেদনে চীনের সামরিক আধুনিকায়ন কর্মসূচিকে সমালোচনা করে বলা হয়, এ খাতে যে ব্যয় করা হচ্ছে তাতে যথেষ্ট স্বচ্ছতার অভাব রয়েছে।
পেন্টাগনের প্রতিবেদনে আরো বলা হয়, ২০১২ সালে বিশ্বের বিভিন্ন স্থানে বিশেষ করে মার্কিন কম্পিউটার সিস্টেমে চীন সাইবার হামলা চালিয়েছে এবং এখনও তা অব্যাহত রয়েছে। এদের মধ্যে কিছু কিছু স্থানে সরাসরি চীনা সরকার ও তাদের সামরিক বাহিনী জড়িত বলে প্রতীয়মান হয়েছে। আর এ ধরনের হ্যাকিংয়ের মূল উদ্দেশ্য হচ্ছে তথ্য চুরি করা যা চীনের প্রতিরক্ষা শিল্পে উন্নয়নে ব্যবহূত হতে পারে।
