ইরাকে বোমা হামলায় ১৭ জন নিহত

আপডেট : ০৭ মে ২০১৩, ২০:৫১
ইরাকের রাজধানী বাগদাদে সোমবার বোমা হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ ও হাসপাতাল সূত্রগুলো। সোমবার সন্ধ্যায় নামাজ পড়ে বের হওয়ার সময় সুন্নিদের একটি মসজিদে অজ্ঞাত হামলাকারীরা গ্রেনেড ছুঁড়ে মারলে ঘটনাস্থলেই ছয়জন নিহত হয়। একই দিন সকালে উত্তর বাগদাদের শিয়া অধ্যুষিত হুসাইনিয়া এলাকার প্রবেশপথে স্থাপিত পুলিশের তল্লাশি চৌকির কাছে দুটি গাড়ি বোমা বিস্ফোরণে সাত বেসামরিক নাগরিক ও এক পুলিশ সদস্য নিহত হয়। এছাড়া দক্ষিণ বাগদাদের দৌরা এলাকায় পুলিশের একটি রেস্তোরাঁর কাছে আরেকটি বোমা বিস্ফোরণে তিনজন বেসামরিক ব্যক্তি নিহত হয়। তিনটি বোমা হামলায় আরো অন্তত ৩৩ জন আহত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো পক্ষ এসব হামলার দায়িত্ব স্বীকার করেনি।