সাভারে ভবন ধসে গার্মেন্ট কারখানার বিপুলসংখ্যক শ্রমিকের জীবনহানি বাংলাদেশের ইতিহাসে এক বর্বরতম ও ভয়াবহতম ঘটনা। রানা প্লাজা নামক ওই মৃত্যুকূপ থেকে এ পর্যন্ত সাত শতাধিক মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই হাজার। উদ্ধারকাজ এখনো চলছে, মৃতদেহের সংখ্যা আরো বাড়তে পারে ।
আমরা সবাই জানি, ঘটনার আগের দিন ভবনে ফাটল দেখা এবং ভবনটি বিপজ্জনক ঘোষণা দেওয়া সত্ত্বেও কারখানাগুলোতে শ্রমিকদের কাজ করতে বাধ্য করা হয়েছিল। অনাগ্রহী শ্রমিকদের কারখানায় ঢোকাতে নানা ভয়ভীতি দেখানো হয়েছিল। কাজেই এ মৃত্যু নিছক কোনো দুর্যোগ বা দুর্ঘটনা নয়। এটা একটা নৃশংস হত্যাকাণ্ড। একই ভবনের দোতলায় থাকা ব্যাংক ও অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠান মালপত্র সরিয়ে নিয়ে তাদের কার্যক্রম বন্ধ রাখলেও ওই ভবন ও গার্মেন্টের মালিক কর্মীদের বেতন কেটে নেওয়া হবে ভয় দেখিয়ে, লাঠিপেটা করে ঢুকিয়েছিল ঝুঁকিপূর্ণ ভবনটিতে। কাজেই এটা বুঝতে কারোরই অসুবিধা হওয়ার কথা নয় যে, এটা একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। যেখানে গরিব এই পোশাকশ্রমিকেরা একবেলা কামাই দিলে চাকরি হারান। সেখানে ক্ষমতাধর, লোভী ভবন মালিক ও কারখানা মালিকরা হাজার হাজার শ্রমিককে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিয়েও রেহাই পেয়ে যান। সব সময় তাঁরা অধরাই থেকে যান। সরকার তাঁদের খুঁজে পায় না। কদাচিত্ খুঁজে পেলেও মুক্তি পেতে সময় লাগে না। যদি ইতোপূর্বে সংঘটিত একটি হত্যাকাণ্ডেরও যথাযথ বিচার সম্পন্ন করে দোষীদের কঠোর শাস্তি এবং হতভাগ্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া হতো তাহলে আজ আমাদের এই দীর্ঘ লাশের মিছিল দেখতে হতো না। ২০০৫ সালে সাভারেই স্পেকট্রাম গার্মেন্টে ৬৪ জন, ২০০৬ সালে চট্টগ্রামে কেটিএস গার্মেন্টে ৬৭ জন, একই বছর ফিনিক্স টেক্সটাইলে ২২ জন, ২০১০ সালে হা-মীম গ্রুপের একাধিক কারখানায় তিনটি দুর্ঘটনায় ৭১ জন নারী-পুরুষ নিহত হয়েছিলেন। এসব মৃত্যুর কথা ভুক্তভোগী পরিবারের লোকজন ছাড়া নিশ্চয়ই আর সবাই বিস্মৃত হয়েছেন। এছাড়া ১৯৯০ সালে সারিকা গার্মেন্টে ৩২ জন, ১৯৯৭ সালে রহমান অ্যান্ড রহমান আ্যাাপারেলসে ২২ জন, তামান্না গার্মেন্টে ২৭ জন, ২০০০ সালে চৌধুরী নিটওয়্যারে ৫৩ জন, ২০০১ সালে মাইকো সোয়েটারে ২৪ জন, ২০০২ সালে গ্লোবাল নিটিং-এ ১২ জনের মৃত্যুর কথা হয়তো আমাদের মনে নেই। কিন্তু পুরোনো দিনের ওই সব নির্মম মৃত্যুর কথা ভুলে গেলেও ২০১২ সালের নভেম্বরে তাজরীন গার্মেন্টে অগ্নিকাণ্ডে ১১৪ জন কর্মীর আগুনে পোড়া লাশের গন্ধ এখনো দূর হয়নি। সেই তাজরীন গার্মেন্টের মালিক ও তার সহযোগীদেরও কোনো শাস্তি হয়নি। হতাহতদের স্বজনরাও ন্যায়বিচার বা উপযুক্ত ক্ষতিপূরণ পাননি।
পোশাকশিল্পের শ্রমিকদের দিনরাত খাটিয়ে তাদের অমানুষিক পরিশ্রমের বিনিময়ে মালিকরা কোটি কোটি টাকা মুনাফা করে প্রাসাদসম বাড়িতে থাকছেন আর বিলাসবহুল গাড়িতে চড়ে বেড়াচ্ছেন। কিন্তু সেই শ্রমিকদের কখনো ভাগ্যের উন্নয়ন ঘটে না। শ্রমিকদের নিরাপত্তা, কাজের উপযুক্ত পরিবেশ ও বেতনভাতাসহ অন্যান্য সুবিধার বেলায় তাদের টাকা থাকে না। শ্রমিকদের ন্যূনতম মজুরি সামান্য তিন হাজার টাকা, সেটাও অনেক গার্মেন্ট মালিক দেন না। শ্রমিকদের এই ন্যূনতম বেতনভাতা দেওয়ার সামর্থ্যও নাকি তাদের নেই। সামর্থ্য যদি না থাকে তাহলে কারখানা চালানোর কী দরকার? নিরীহ শ্রমিকদের সঙ্গে অমন নিষ্ঠুর তামাশা না করে যাঁদের সামর্থ্য নেই তাঁরা কারখানা বন্ধ করে অন্য ব্যবসায় করুন। যে শ্রমিকদের রক্তঝরা ঘামে দেশের অর্থনীতিতে প্রাণের সঞ্চার হয়, যে শ্রমিকরা দেশের রপ্তানি আয়ের প্রধান শক্তি, যাঁদের রক্ত চুষে এত বিত্ত-বৈভব তাঁদের সঙ্গে এমন নিষ্ঠুর, নির্লজ্জ প্রতারণা বড়োই অমানবিক। যত অন্যায়-অনিয়ম আর বৈষম্যমূলক আচরণ সব এই গার্মেন্ট-শ্রমিকদের বেলায়। এরা কঠিন পরিশ্রমী ও সত্ কিন্তু এদের জীবন চরম দুর্দশাপূর্ণ। ঠিকভাবে এদের বেতনভাতা দেওয়া হয় না, চাকরিতে নিয়োগপত্র দেওয়া হয় না, এদের ট্রেড ইউনিয়ন করার অধিকার নেই, এদের নেই কোনো চাকরিবিধি। অথচ এই গার্মেন্টসখাত দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি এবং বৈদেশিক মুদ্রা অর্জনের প্রধান খাত। দেশের এই চরম সম্ভাবনাময় খাতকে রক্ষা করতে শুধু মালিকের স্বার্থ না দেখে শ্রমিকদের স্বার্থ রক্ষায় সরকারকে আরো কঠোর হতে হবে। কারখানায় নজরদারি বাড়িয়ে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থাও কঠোরভাবে কার্যকর করতে হবে।
আজ সাভারে যে শত শত মানুষ নৃশংসভাবে জীবন হারালো এর দায় কেবল ওই রানা আর মুনাফালোভী কারখানা মালিকদের নয়। এ দায় সরকারেরও। দীর্ঘদিন ধরে চলে আসা অনিয়ম, বেআইনি কার্যকলাপ, দুর্নীতি আর সরকারি উপেক্ষার খেসারত দিতে হয়েছে রানা প্লাজার হাজার হাজার পোশাকশ্রমিককে। এক পরিসংখ্যানে দেখা যায়, গত দশ বছরে পোশাকশিল্পে ভবন ধস ও অগ্নিকাণ্ডসহ দুর্ঘটনায় বহু শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে চার হাজারেরও বেশি। এরপরও কেউ কারখানা নামের ঐসব মারণকলকে নিরাপদ করার ব্যবস্থা করেনি। যে সরকার, যে প্রশাসন, যে রাজনীতির এসব অন্যায়,অনিয়ম বন্ধ করার কথা তারা তা করেনি বা করতে পারেনি। বরং ক্ষমতাসীনরা বরাবরই ‘ধাক্কাধাক্কিতে ভবন ধস’-এর মতো তত্ত্ব দিয়ে অপরাধীদের আড়াল করার চেষ্টা করেছেন। কোনো দায়িত্বশীল জায়গায় থেকে এ ধরনের মানবিক বিপর্যয় নিয়ে বেফাঁস কিছু বলা বা রাজনীতি করা কারোরই উচিত নয়। অতীতের সব হত্যাকাণ্ডের মতো সাভার ট্র্যাজেডির হোতারা যেন পার না পায়। ভবিষ্যতে কেউ যাতে এমন অপরাধ না করে সে লক্ষ্যে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত অর্থলোলুপ ভবন মালিক ও কারখানা মালিকসহ সংশ্লিষ্ট সবাইকে বিশেষ ট্রাইবুনাল গঠন করে দ্রুততম সময়ে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। সেইসঙ্গে সরকারের কাছে আমার বিনীত কিছু অনুরোধ—
১) দেশের অথনীতির অন্যতম চালিকাশক্তি এবং দেশের সবচেয়ে সম্ভাবনাময় তৈরি পোশাকখাতকে সুরক্ষা দিতে তথা গার্মেন্টস শ্রমিক-কর্মীদের কল্যাণে, প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণায়ের মতো আলাদা মন্ত্রণালয় গঠন করুন।
২) সাভার ট্র্যাজেডিসহ অতীতের সব বিপর্যয়ের জন্য দায়ী পোশাক মালিক, ব্যবসায়ী, প্রকৌশলী,সরকারি কর্মকর্তা-কর্মচারী ও দুর্নীতিবাজ রাজনীতিবিদসহ সবার দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন।
৩) ভূমিকম্প,লঞ্চডুবি ও ভবন ধসের মতো প্রাকৃতিক বা মানবসৃষ্ট বিপর্যয় থেকে দ্রুত উদ্ধার কাজের জন্য গভীর সুড়ঙ্গ ও বিধ্বস্ত জায়গায় অনুসন্ধান চালিয়ে উদ্ধার কাজ চালাতে সক্ষম যন্ত্র, প্রটেক্টটিভ ক্লোদিং ও হেভি লিফটিং ইকুইপমেন্টসহ অত্যাধুনিক যন্ত্র ক্রয় করে দুর্যোগ ব্যস্থাপনাকে আরো শক্তিশালী করুন।
পোশাকশিল্পে একের পর এক এ ধ্বংসযজ্ঞ দেশের রপ্তানি ভবিষ্যতের জন্য এক মহা সতর্কসংকেত। এ সতর্কসংকেত বিবেচনায় নিয়ে এখনি কার্যকর ব্যবস্থা না নিলে শুধু বিজিএমইএ নয়, রাষ্ট্রকেও চরম মাশুল দিতে হবে।
সিরাজগঞ্জ
