প্রায় প্রতিটি রাজনৈতিক দলই জনগণের চাওয়া-পাওয়ার ব্যাপারে উদাসীন। জনগণ শান্তি চায়। দুঃখের বিষয়, তাদেরকে নিয়ে কোনো রাজনৈতিক দলই ভাবে না। তারা তাদের স্বার্থ নিয়ে ব্যস্ত। ভোট দিয়ে যেন তাদের পাঁচ বছরের জন্য ব্যক্তিগত এবং রাজনৈতিক স্বার্থে কাজ করার অধিকার নিশ্চিত করেছে জনগণ। যে যায় লঙ্কায় সে-ই হয় রাবণ। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার কোনো কথা বলা ছিল না, কিন্তু তারা সংবিধান সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের রাজনৈতিক অঙ্গনে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে।
সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সম্ভব কিনা জানি না, তবে মন্দের ভালো হিসেবে জনগণের মনে এ ধরনের সরকারের ব্যাপারে আগ্রহ যেমন আছে, তেমনি আছে আবেগও। জনগণ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে অনুষ্ঠিত আগের নির্বাচনগুলোতে নির্ভয়ে অংশগ্রহণ করেছেন। আসলে রাজনৈতিক দলগুলো জনগণকে ক্ষমতার উত্স হিসেবে দেখে না। তারা জনগণকে তাদের ক্ষমতায় যাওয়ার এবং অসত্ উদ্দেশ্য চরিতার্থ করার হাতিয়ার হিসেবে দেখে। রাজনৈতিক দলগুলো যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে জনগণকে ক্ষমতার অংশ হিসেবে দেখে, তাহলে এ দেশে আর এত সমস্যা থাকবে না। রাজনীতিকরা জনগণের কল্যাণে কাজ করলে জনগণ অবশ্যই ভালো কাজের মূল্যায়ন করবে। এভাবে ফাঁক-ফোকর বের করে ক্ষমতা পাকাপোক্ত করার ফন্দি-ফিকিরের প্রয়োজন হতো না। জনগণের ভোটে নির্বাচিত হয়েই তারা ক্ষমতায় যেতে পারতেন। ক্ষমতাসীন দল কি ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনের কথা এত তাড়াতাড়ি ভুলে গেলেন? ২৩ মার্চের জনতার মঞ্চের কথাও কি মনে পড়ে না? রাজনীতিকদের মনে রাখা উচিত, অস্ত্রের মুখে, পেশিশক্তি প্রয়োগ করে, জরুরি অবস্থা জারি করে অথবা আদালতের রায়ের অজুহাত দেখিয়ে সাময়িকভাবে ক্ষমতা আঁকড়ে রাখা গেলেও এর পরিণতি হতে পারে অত্যন্ত করুণ। কারণ জনগণই সকল ক্ষমতার উত্স।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
