কিছুদিন ধরে শিক্ষকতা পেশায় নিয়োজিত থাকায় শিক্ষার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করার কিছুটা হলেও সুযোগ পাচ্ছি। বিগত কয়েক বছরে শিক্ষাক্ষেত্রে পাসের হার উল্লেখযোগ্য হারে বাড়লেও শিক্ষার মান নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। প্রতিবছর পাবলিক পরীক্ষাগুলোতে তথাকথিত সূচক কেবল বৃদ্ধি পাচ্ছে! কোন্ জাদুর বলে এমনটি ঘটছে তা হয়তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবেন। কিন্তু একজন শিক্ষক হিসেবে খুব কাছ থেকে যা দেখছি তা হলো দিন দিন শিক্ষার মান তলানিতে গিয়ে ঠেকছে।
নিয়মিত পড়াশোনা না করেও শিক্ষার্থীরা এখন পাস করে যাচ্ছে। মেধা, মননশীলতা ও যোগ্যতা না থাকা সত্ত্বেও অনেকেই এ প্লাস এমনকি গোল্ডেন এ প্লাস পেয়ে যাচ্ছে। ২০১৩ সালে নতুনভাবে বিভিন্ন ক্লাসের পাঠ্যপুস্তক পরিবর্তন করা হয়েছে। এ ক্ষেত্রে যে বিষয়টি লক্ষণীয় তা হলো কম পড়াশোনা করে যাতে শিক্ষার্থীরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে সেজন্য বেশিরভাগ বইয়ের পরিধি বা পৃষ্ঠার পরিমাণ এবং অধ্যায় কমানো হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, সপ্তম শ্রেণির জন্য লিখিত ইংরেজি প্রথম পত্র বইয়ের পৃষ্ঠা সংখ্যা মাত্র ১০৪। তিনটি টার্ম পরীক্ষায় ছাত্রছাত্রীদের গড়ে মাত্র ৩৫ পৃষ্ঠা পড়তে হবে! সপ্তম শ্রেণির এ বইটিতে মানসম্মত তেমন কোনো অনুচ্ছেদও নেই। শুধু কতগুলো ডায়লগ দেওয়া হয়েছে। মানসম্মত অনুচ্ছেদ না থাকলে শিক্ষার্থীদের মেধা বিকাশ যেমন ঘটবে না তেমনি নতুন শব্দ শেখা, বাক্য গঠন প্রভৃতি বিষয়ে তাদের দক্ষতা বাড়বে না।
সপ্তম শ্রেণির জন্য লিখিত বইটি পড়ে আমার মনে হয়েছে গুটি কয়েক বিষয়ে ডায়লগ শিখতে পারলেই ইংরেজি শেখা হয়ে যাবে! সপ্তম শ্রেণির আগের বইয়ের পৃষ্ঠা সংখ্যা ছিল ১৩৬। বইটিতে বেশ কিছু বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু লেসন ছিল। বিভিন্ন গল্প ও প্রবন্ধের মাধ্যমে অনেক কিছু জানা ও শেখার ছিল। মানব জাতির সেবার ক্ষেত্রে কৃষকদের অসামান্য অবদান সম্পর্কে কাজী নজরুল ইসলামের একটি কবিতাও ছিল আগের বইটিতে। সেটিও বাদ দেওয়া হয়েছে নতুন বইয়ে। একজন শিক্ষক হিসেবে বইটি পড়ার পর আমি একদিকে যেমন হতাশ হয়েছি অন্যদিকে তেমনি এ জাতীয় বই শিক্ষার্থীদের কতটা আদর্শবান, দেশপ্রেমিক, চরিত্রবান সর্বোপরি এদেশের নিজস্ব সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল করে গড়ে তুলবে সে বিষয়টি নিয়ে ভাবছি। পাঠ্যপুস্তকের মাধ্যমে যদি মেধা বিকাশের ব্যবস্থা না থাকে তাহলে তা প্রকৃত শিক্ষা থেকে জাতিকে অবশ্যই বঞ্চিত করবে।
বরিশাল
