আজ রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে এ দেশের সেরা রবীন্দ্রসংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা একাধিক চ্যানেলসহ ঢাকার একাধিক মঞ্চে গাইবেন রবীন্দ্রসংগীত। বৈশাখী টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানমালার মধ্যে বিকেল ৩টা ১৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় টানা তিন ঘণ্টা সরাসরি রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন তিনি। এই অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন ফারহানা নিশো। অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ইসলাম শফিক।
সকাল ১১টা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচার ‘বাংলা গানের উত্সব’ শিরোনামের রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান। এই অনুষ্ঠানেও গাইবেন রেজওয়ানা চৌধুরী বন্যা। আরটিভিতে আজ বিকেল ৫টা ৩০ মিনিটে শারমিন লাকীর উপস্থাপনায় প্রচার হবে ‘রবীন্দ্র গানের গল্প’ শিরোনামের অনুষ্ঠান। এই অনুষ্ঠানেও রবীন্দ্রসংগীত পরিবেশন করবেন এই শিল্পী। এ ছাড়া আরও কয়েকটি চ্যানেলে প্রচার হবে রেজওয়ানা চৌধুরী বন্যার কণ্ঠে গাওয়া ধারণকৃত কিছু রবীন্দ্রসংগীত।
