গত সোমবার নোয়াখালী, চাঁদপুর, কিশোরগঞ্জ, কুমিল্লা, হবিগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোনা, বাগেরহাট ও মাদারীপুর জেলায় বজ্রপাতে ১৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে ১৫ জন। আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর:
নোয়াখালী: জেলার সুবর্ণচরের চরক্লার্ক ইউনিয়নের চর বায়োজিদে গত সোমবার ঝড়ের সময় বজ্রপাতে আলী আহম্মদ (৫০) ও সাফিয়া খাতুন (৩৫) নামে দুইজন নিহত হন। সাফিয়ার দুই মেয়েও বজ্রপাতে আহত হয়।
চাঁদপুর: দুপুরে জেলার হাজীগঞ্জ উপজেলায় আবুল হোসেন (৫০) ও বিল্লাল হোসেন গাজী নামে দুইজনের বজ্রপাতে মৃত্যু হয়েছে।
কিশোরগঞ্জ: দুপুরে তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়নের মাগুরি গ্রাম সংলগ্ন হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কাজলা গ্রামের আব্দুর রহমানের ছেলে রোকন উদ্দিন (৫০), মাগুরি গ্রামের আব্দুল করিমের ছেলে আক্তার হোসেন (২৮) ও একই গ্রামের চান মিয়ার ছেলে শামীম ঘটনাস্থলেই মারা যায়। এ সময় বেলংকা গ্রামের মতি মিয়া (২৭), বোরগাঁও গ্রামের মতি মিয়া (২৭) ও ফেরদৌস (২৫) আহত হয়। অন্যদিকে করিমগঞ্জ উপজেলার আইশারবন্দে বজ্রপাতে মোকামবাড়ি গ্রামের হান্নান মিয়ার (৩৫) মৃত্যু হয়।
কুমিল্লা: সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার বারানী এলাকায় ধান কাটার সময় বজ্রপাতে উত্তর চান্দলা গ্রামের আবুল কাশেমের ছেলে কামাল মিয়া (৪০) নিহত হয়। এ সময় একই গ্রামের ফারুক (৩৫), সাহেদুজ্জামান (৩৫) ও আনু মিয়া (৪০) গুরুতর আহত হয়।
হবিগঞ্জ: জেলার আজমিরীগঞ্জ উপজেলায় সকালে বজ্রপাতে শিবপাশা ইউনিয়নের কদমতারা গ্রামের শুকুর আলীর ছেলে লিটন (২৬), উপজেলা সদরের নবীনগর গ্রামের শহীদুল ইসলামের ছেলে জাহিদ হোসেন (২৬), তার ভাই রায়হান (১৮), সুবোধ দাশের ছেলে প্রভাত দাশ (১৮) এবং সেবিন (১৭) গুরুতর আহত হয়। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক লিটনকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল (ময়মনসিংহ): নান্দাইলের বেতাগৈর ইউনিয়নের দক্ষিণ চরশ্রীরামপুর গ্রামে সকালে বজ্রপাতে তোরাবানু (৬০) নিহত ও তার ছেলে ফয়েজ উদ্দিন (৩৫) গুরুতর আহত হয়। এ সময় তাদের ঘরের বারান্দায় থাকা দুইটি ছাগলও মারা যায়।
মদন (নেত্রকোনা): উপজেলার মাঘান ইউনিয়নের রুহিলী গ্রামে হাওরে ধান কাটার সময় বজ্রপাতে জামালপুরের সরিষাবাড়ির দুই কৃষক মো. শাহজাহান মিয়া (৫৫) ও মজিবুর রহমান ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় কৃষক মন্টু মিয়া (৩৫)।
কেন্দুয়া (নেত্রকোনা): কেন্দুয়ায় বজ্রপাতে সোহেল মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোহেল উপজেলার সান্দিকোনা ইউনিয়নের সান্দিকোনা গ্রামের সুজন মিয়ার ছেলে।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ঈশ্বরগঞ্জের তারুনিয়া ইউনিয়নের গোল্লাজয়পুর গ্রামের আবর আলীর ছেলে মো. ইদ্রিস আলী (৪৫) বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
মোরেলগঞ্জ (বাগেরহাট): মোরেলগঞ্জ উপজেলা পল্লীতে রবিবার বাবুল ফরাজী (৩৯) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের গয়জদ্দিন ফরাজীর ছেলে।
টেকেরহাট (মাদারীপুর): রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের দীঘলিয়া কাশিমপুর গ্রামে সোমবার বিকালে প্রবল বৃষ্টিপাতের সময় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। তারা হলো ইউনুস মিয়া (৪৫) ও তার ছেলে হূদয় (১২)।
