মোল্লাহাটে সত্মায়ের নির্যাতনের শিকার হয়ে অসহায় এক মেয়ে বিচারের আশায় দ্বারে দ্বারে ঘুরছে। সত্মা ও তার পরিবার-পরিজন প্রভাবশালী ও অর্থশালী হওয়ায় কোথাও মামলা করতে সাহস পাচ্ছে না মেয়েটি। অভিযোগে জানা যায়, বাগেরহাটের মোল্লাহাট উপজেলার বড়বাগ বোয়ালিয়া গ্রামের ইয়ার আলীর মৃত্যুর পর অসহায় হয়ে পড়ে তার কন্যা সোনিয়া আক্তার শিলা। কিছুদিন যেতে না যেতেই অসহায় মেয়েটিকে ভিটেছাড়া করার জন্য তার চাচা আবু তালেব ও মোতালেব মোল্যার নির্দেশে সত্মা সাবিনা বেগম নির্যাতন করে তাকে বাড়ি থেকে বের করে দেয়। আহত সোনিয়াকে টুঙ্গিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা দেয়া হয়। সূত্রমতে, মোল্লাহাট উপজেলার উদয়পুর বড়বাগ বোয়ালিয়া মৌজার খতিয়ান নং ৫৭ দাগ নং ২৪০/৩৬৭ হাল দাগ নং ২৮৮ হতে ১৫৯ হিস্যা: অংশ জমিতে সোনিয়ার পিতা জীবিত থাকাকালে তাকে একটি সেমিপাকা বাড়ি তৈরি করে দেন। কিন্তু সত্মা ও তার প্রভাবশালী আত্মীয়রা উক্ত বাড়ি ও জমি জবরদখলের জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করে না পেরে সোনিয়াকে নির্যাতন অব্যাহত রাখে। এমতাবস্থায় সোনিয়া জমি এবং বাড়ি ভোগদখল করা তো দূরের কথা বর্তমানে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং চিকিত্সা না পেয়ে অতিকষ্টে দিন কাটাচ্ছে। সোনিয়া তার সত্মায়ের অত্যাচার থেকে রেহাই পেতে এবং তার নামীয় জমি ও বাড়ি ফিরে পেতে বাগেরহাট অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), পুলিশ সুপার বরাবর আবেদন করে। পরবর্তীতে পুলিশ সুপারের নির্দেশে ওসি মোল্লাহাট তদন্ত শেষে ভুক্তভোগীকে বিষয়টি নিষ্পত্তির জন্য আদালতে শরণাপন্ন হতে পরামর্শ দেন। সোনিয়া তার সমস্যার সুষ্ঠু সমাধানের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও সহযোগিতা কামনা করেছে।
