নিজের বুদ্ধি মত্তায় অপহরণকারীদের হাত থেকে পালিয়ে এসেছে মাদ্রাসা ছাত্র ওহিদুজ্জামান (১২)। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে।
ওহিদুজ্জামান বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বিরাম গ্রামের সাফায়েত হোসেনের ছেলে। সে ফরিদপুর জেলার আলফাডাঙ্গা ইউসুফেরবাগ মাদ্রাসার ছাত্র। ওহিদুজ্জামান জানায়, মঙ্গলবার সকালে মাদ্রাসা থেকে রাস্তায় আসলে একটি মাইক্রোবাসে জোর করে অপহরণকারীরা তাকে তুলে মুখে টেপ মেরে দেয়। ভাটিয়াপাড়া মোড়ে ওই গাড়ি থেকে নামিয়ে অন্য গাড়িতে তোলার সময় ওহিদুজ্জামান পালিয়ে আসে। সাথে সাথেই অপহরণকারীরা তাদের গাড়ি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ওই গাড়িতে আরো ৫ জন শিশু ও মহিলা ছিল বলে সে জানিয়েছে।
অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
গোপালগঞ্জে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা গ্রামের মধুমতি নদীর তীর থেকে পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। স্থানীয়রা ভোরে নদী পাড়ে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সেখান থেকে লাশ উদ্ধার করে গোপালগঞ্জ মর্গে পাঠায়। গোপালগঞ্জ সদর থানার এস,আই ইকবাল হোসেন জানান, ভোর রাতে কে বা কারা ওই ব্যক্তিকে জবাই করে লাশ নদী পাড়ে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে।
