ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক সাদেক হোসেন খোকা হেফাজতে ইসলামের উদ্দেশে বলেছেন, এরপর আপনারা যখন ঢাকায় আসবেন তখন দাবি আদায় করে আপনাদের হাসিমুখে ঢাকা থেকে বিদায় করবো। খোকা আরো বলেন, যাদের ওপর হামলা করা হয়েছে তারা শান্তিপ্রিয় ছিল। বাতি নিভিয়ে তাদের ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়েছে। এতে অগণিত মানুষ মারা গেছে। তিনি আরো বলেছেন, হেফাজতের নেতা-কর্মীদের আত্মত্যাগ ব্যর্থ হতে পারে না। তিনি বলেন, সরকার পরিকল্পিতভাবে রাতের আঁধারে আলেম-ওলামাদের হত্যা করেছে। এর জন্য তাদের জবাবদিহিতা করতে হবে। খোকা বলেন, আমরা ক্ষমতায় গেলে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে নিহতদের সঠিক সংখ্যা বের করবো।
রবিবার রাতে পুলিশ, র্যাবের অভিযানে হেফাজতে ইসলামের ‘শহীদ’দের গায়েবানা জানাজার আগে গতকাল মঙ্গলবার বাদ আসর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তিনি একথা বলেন। ১৮ দল, বিকল্পধারা, কৃষক শ্রমিক জনতা লীগের নেতারা মতিঝিল শাপলা চত্বরে ‘গণহত্যা’ চালানো হয়েছে অভিযোগ এনে তার বিচার বিভাগীয় তদন্ত দাবি করে বলেছেন, এমন হত্যাকাণ্ড এদেশের ইতিহাসে কেবল একাত্তরে ছিল।
বিকল্পধারা বাংলাদেশের সভাপতি অধ্যাপক একিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেন, তথাকথিত একটি নির্বাচিত সরকার সমস্ত বাতি নিভিয়ে দিয়ে, দুই/তিন দিক থেকে সাঁড়াশি আক্রমণ করলো। মনে হয় যেন বিরাট একটা শত্রু পক্ষের সঙ্গে যুদ্ধ হচ্ছে। তিনি বলেন, যারা মারা গেছেন তাদের সবাই হেফাজতে ইসলামের নেতা বা কর্মী ছিলেন না। সাধারণ মানুষ ছিলেন। তিনি সরকারকে বলেন, সাহস থাকলে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিকে নিয়ে ২/৩ জনকে দিয়ে একটি কমিশন গঠন করুন। বি, চৌধুরী কান্নাজড়িত কণ্ঠে বলেন, পবিত্র কোরআন শরীফ পোড়ানো হলো আর বলা হচ্ছে মাওলানা সাহেবরা কোরআন শরীফ পুড়িয়েছেন। কোনো মুসলমান কখনো কোরআন পোড়াবে না। যারা আল্লাহ খোদা বিশ্বাস করে না, এরকম মানুষ ছাড়া কেউ কোরআন শরীফ পোড়াতে পারে? তিনি বলেন, কোথাও বিচার না চেয়ে আল্লাহর কাছে আমরা বিচার চাইতে পারি।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী নিহতদের মাগফেরাত কামনা করে বলেন, আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। আমার জীবনে এরকম নির্মম হত্যাকাণ্ড আর কখনো দেখিনি। এই হত্যা বিনা বিচারে, বিনা প্রতিবাদে যাবে না।
জানাজায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ড. আবদুল মঈন খান, জামায়াতে ইসলামীর ইজ্জত উল্লাহ, ড. শফিকুল ইসলাম মাসুদ, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জাগপা সভাপতি শফিউল আলম প্রধান, এনপিপি চেয়ারম্যান শেখ শওকত হোসেন নীলু, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, মুসলিম লীগের মহাসচিব আতিকুল ইসলামসহ কয়েক হাজার নেতাকর্মী।
সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে
ঢাকা অবরোধে নিহতদের
গায়েবানা জানাজা
হেফাজত ইসলামের অবরোধ কর্মসূচি চলাকালে সহিংসতায় নিহতদের স্মরণে গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। সরকারবিরোধী আইনজীবীদের উদ্যোগে আইনজীবী সমিতি ভবনের দক্ষিণ পাশে এই জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় আইনজীবী ছাড়াও বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।
আইনজীবীদের মধ্যে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এডভোকেট খন্দকার মাহবুব হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এ জে মোহাম্মদ আলী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, এডভোকেট জয়নুল আবেদীন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, এডভোকেট কামরুল ইসলাম সজল প্রমুখ জানাজায় অংশ নেন।
