পাঁচ হাজার টাকার বিনিময় যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালাবার সময় পুলিশের হাতে ধরা পড়েছে রাসেল (২১) নামে এক যুবক। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাওরান বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে ই টি সি পরিবহনের একটি বাস গুলিস্তানের দিকে যাচ্ছিল। কাওরান বাজার আন্ডার পাস এলাকায় যাত্রী নামাবার সময় রাসেল গলি মুখে থেকে এসে দ্রুত পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় বাসের হেলপার তাকে ঝাপটে ধরে পুলিশে সোপর্দ করে। এ দিকে আগুন লাগাবার প্রায় ১০ মিনিট পর ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। আগুন লাগানোর পর দ্রুত বাস থেকে নামতে গিয়ে বেশ কয়েকজন যাত্রীও আহত হয়।
তেজগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) অপূর্ব হাসান বলেন, জিজ্ঞাসাবাদে রাসেল জানিয়েছে সে পাঁচ হাজার টাকায় বিনিময়ে বাসে আগুন লাগিয়েছে। তার আরও কয়েকটি বাসে আগুন দেয়ার পরিকল্পনা ছিল। রাসেলের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার কাছিয়াপাড়ায়। পিতার নাম ওলিউল্লাহ।
