রাজশাহী বিভাগের আট জেলায় জামায়াতে ইসলামীর ডাকে ঢিলেঢালা সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া জেলা আমির নজরুল ইসলাম ও অধ্যক্ষ শাহাবুদ্দিনের মুক্তি এবং চাঁপাইনবাবগঞ্জ শহর শিবির সভাপতি এনায়েত শফিকউল্লাহকে গ্রেফতারের প্রতিবাদ, জয়পুরহাট জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক নজরুল ইসলাম ও রাজশাহী মহানগর শিবিরের অফিস সম্পাদক আনোয়ারুল ইসলাম মাসুমের গুম হয়ে যাওয়ার প্রতিবাদে জামায়াতের রাজশাহী বিভাগের ৮ জেলার নেতৃবৃন্দ এই হরতাল আহবান করেন।
হরতালে রাজশাহীর কোথাও কোন সহিংসতার খবর পাওয়া যায়নি। বগুড়ায় লাঠি নিয়ে হরতাল বিরোধী মিছিল বের করে আওয়ামী যুবলীগের নেতা কর্মীরা। বিভিন্ন এলাকায় যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি বিপুল সংখ্যক র্যাব সদস্য মোতায়েন করা হয়। সকালে হরতালের সমর্থনে ছাত্র শিবিরের নেতাকর্মীরা শহরের সূত্রাপুরে একটি মিছিল বের করে। এসময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে পিকেটিং করে। পরে পুলিশের ধাওয়া খেয়ে পালিয়ে যায় তারা। এদিকে বগুড়া-রংপুর মহাসড়কের গোকুল এলাকায় জামায়াত শিবিরের অল্প সংখ্যক নেতাকর্মী রাস্তা অবরোধ করার চেষ্টা করলে পুলিশী বাধার মুখে তারা পালিয়ে যায়। সিরাজগঞ্জ-বগুড়া সড়কের চন্ডিদাসগাতীতে শিবিরকর্মীরা ব্যাটারি চালিত অটোরিক্সা ভাঙচুর করে। পরে হরতালের সমর্থনে তারা একটি মিছিল বের করে।
রাজশাহী শিক্ষাবোর্ডের আওতাধীন চলমান এইচএসসি ও আলিম পরীক্ষা হরতালের আওতামুক্ত থাকায় তা নির্বিঘ্নে অনুষ্ঠিত হয়েছে। এদিকে হরতালে পিকেটিং না থাকায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে জনজীবন প্রায় স্বাভাবিক হতে শুরু করে। দিনভর রিকশা, অটোরিকশা, সিএনজিচালিত হিউম্যান হলার ও মোটরসাইকেলসহ হালকা যানবাহন চলাচল প্রায় স্বাভাবিক ছিল। বিভিন্ন মার্কেটের বিপণী বিতান ও দোকানপাট খোলা ছিল। তবে দূরপাল্লা ও আন্ত:জেলার ভারী যানবাহন দেখা যায়নি। ট্রেন চলাচল সম্পূর্ণ স্বাভাবিক ছিল। হরতালে নাশকতা প্রতিরোধে মহানগরী জুড়ে সতর্ক অবস্থান নিয়েছিল পুলিশ ও র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
